
শেষ আপডেট: 29 February 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে আক্রমণ করলেন সার্জিও লোবেরো। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে ওড়িশা এফসি-র বিরুদ্ধে। যারা পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
ওই ম্যাচের আগে লাল হলুদ কোচকে আক্রমণ করলেন ওড়িশা এফসি কোচ। খেলার আগে সার্জিও লোবেরো জানিয়েছেন, প্রতি ম্যাচের আগে রেফারিকে আক্রমণ করা অভ্যাস হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল কোচের। রেফারির বিরুদ্ধে বিবৃতি দিয়ে চাপের খেলা নেন কুয়াদ্রাত। আমাদের বিরুদ্ধে সেগুলি কাজে আসবে না।
এই ম্যাচে কুয়াদ্রাত দলের ডাগআউটে বসতে পারবেন না। তিনি শেষ ম্যাচে কার্ড দেখেছিলেন। স্প্যানিশ কোচকে থাকতে হবে গ্যালারিতে। লাল হলুদের দায়িত্বে থাকবেন সহকারী কোচ দেলগার্ডো।
ওড়িশা এফসি কোচ আরও বলেছেন, ‘‘কুয়াদ্রাত এত কথা বলছেন রেফারির বিরুদ্ধে, কিন্তু তিনি নিজেও জানেন সুপার কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে রেফারির দাক্ষিণ্যেই। তাই এসব কথা বলা শোভা পায় না।’’
লোবেরো বরং রেফারিদের পাশে ফুটবলার ও কোচদের দাঁড়াতে বলছেন। ‘‘একটা ম্যাচ তখনই সুন্দর হবে, যখন সবাই রেফারিকেও সহায়তা করবে। সবসময় রেফারির সমালোচনা করে নিজেদের ভাল প্রমাণের চেষ্টা না করাই ভাল।’’ ঘরের মাঠে নামার আগে লাল হলুদ হেডস্যারকে তীব্র বিঁধলেন আরও এক স্প্যানিশ কোচ।
প্রসঙ্গত, আইএসএলের পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল রয়েছে আটে। লাল হলুদ কোচের লক্ষ্য প্লে অফে যাওয়া। তাদের সামনের চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই অ্যাওয়ে। সুপার কাপে অবশ্য ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল ওড়িশাকে, সেটি ফাইনাল ম্যাচেই।