কলকাতার যুবভারতীর (Messi In Kolkata) বিশৃঙ্খলা দেখে হায়দরাবাদের অনুষ্ঠান নিয়ে দোলাচল শুরু হয়েছে। তার মধ্যে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta) গ্রেফতার হয়েছেন।
.jpeg.webp)
কলকাতায় মেসি
শেষ আপডেট: 13 December 2025 16:37
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বিশৃঙ্খল উদ্বোধনী পর্বের পর, আজ শনিবারই হায়দরাবাদে পা রাখার কথা লিওনেল মেসি (Lionel Messi)। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর (GOAT India Tour) দ্বিতীয় অধ্যায়ে সূচি আরও আঁটসাঁট। সন্ধ্যায় প্রদর্শনী ম্যাচ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক কিক-অফ আর রাতে রাজকীয় নৈশভোজ (Dinner)— সব মিলিয়ে হায়দরাবাদ সফরকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু কলকাতার যুবভারতীর (Messi In Kolkata) বিশৃঙ্খলা দেখে হায়দরাবাদের অনুষ্ঠান নিয়ে দোলাচল শুরু হয়েছে। তার মধ্যে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta) গ্রেফতার হয়েছেন।
এই পরিস্থিতিতে, মেসির সম্ভাব্য আগমন ঘিরে হায়দরাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতায় আগের অভিজ্ঞতা মাথায় রেখে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগেভাগেই সতর্ক প্রশাসন ও আয়োজকেরা। উপ্পল স্টেডিয়ামকে ঘিরে চালু করা হয়েছে তিনস্তরীয় নিরাপত্তা বলয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে স্টেডিয়ামের ভিতরে ও বাইরে নজরদারি আরও বাড়ানো হয়েছে, বসানো হয়েছে অতিরিক্ত নজরদারি ব্যবস্থা।
কলকাতা থেকে সরাসরি হায়দরাবাদে পৌঁছনোর কথা মেসির। দুপুরের পর শহরে নামবেন আর্জেন্তিনীয় মহাতারকা। দিনের মূল আকর্ষণ সন্ধ্যার ‘গোট কাপ’(GOAT Cup) প্রদর্শনী ম্যাচ।
শুধু নিরাপত্তাই নয়, আয়োজকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দর্শক-অনুরাগীদের অভিজ্ঞতাকে কতটা মসৃণ রাখা যায়। কড়া নিরাপত্তার মধ্যেও কী ভাবে ভিড় সামলানো হবে, অনুরাগীদের প্রবেশ, বসার ব্যবস্থা ও সামগ্রিক অভিজ্ঞতা কতটা নির্বিঘ্নে করা যাবে— তা নিয়েই চিন্তায় আয়োজক মহল।
প্রদর্শনী ম্যাচটি হবে উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Uppal)। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। তার আগে থাকবে আনুষ্ঠানিক কিক-অফ অনুষ্ঠান। এই পর্বে মেসির সঙ্গে মাঠে উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি (Revanth Reddy)। আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ প্রদর্শনী ম্যাচ, প্রতিযোগিতামূলক নয়। তবে দর্শকদের জন্য বিনোদনের ঘাটতি থাকবে না। কলকাতা থেকে শিক্ষা নিয়ে স্টেডিয়াম চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক প্রবেশ, বসার ব্যবস্থা এবং ভিআইপি মুভমেন্ট— সব কিছুতেই আলাদা আলাদা প্রোটোকল লাগু।
হায়দরাবাদে ‘গোট কাপ’ ম্যাচের বিভিন্ন স্তরে টিকিটের দাম রাখা হয়েছে। সাধারণ টিকিটের মূল্য শুরু হচ্ছে ২,২৫০ টাকা থেকে। ক্যাটাগরি অনুযায়ী দাম উঠছে ৩০ হাজার টাকা পর্যন্ত। আয়োজকদের তরফে খবর, স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারি ও ভিআইপি ব্লকের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে।
ম্যাচ শেষের পর মেসির সূচিতে রয়েছে একটি ব্যক্তিগত অনুষ্ঠান। রাতে ফলকনামা প্যালেসে (Falaknuma Palace) আয়োজিত হবে প্রাইভেট ডিনার ও মিট অ্যান্ড গ্রিট। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির পাশাপাশি নির্বাচিত টলিউড তারকা ও আমন্ত্রিত অতিথিদের। এই পর্ব সম্পূর্ণ বন্ধ দরজার আড়ালে হবে। মূল উদ্দেশ্য— মেসির সঙ্গে ঘনিষ্ঠ সাক্ষাৎ ও ফটো-সেশন।