
শেষ আপডেট: 12 April 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে বহুদিন তিনি দলের সঙ্গে নেই। বলা যেতে পারে, পিএসজি ছাড়ার পরে সেইভাবে সৌদি ক্লাব আল হিলালের হয়ে খেলতেও পারেননি। কিন্তু দলটি সুপার কাপ জিতে যাওয়ার পরে গ্যালারি থেকে ট্রফি নিতে চলে এলেন নেমার।
ব্রাজিলীয় তারকা সারাক্ষণ গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচটি দেখলেন। আবুধাবির আল জায়েদ স্টেডিয়ামে নেমারকে দেখতেও সমর্থকদের উৎসাহ ছিল। আল হিলাল ৪-১ গোলে হারিয়েছে করিম বেঞ্জেমার ক্লাব আল ইত্তিহাসকে। গ্যালারিতে বসে সারাক্ষণ সতীর্থদের সমর্থন জানাতে দেখা গিয়েছে নেমারকে। খেতাব জয়ের পরে অতি উচ্ছ্বাসে মাঠে নেমে পড়েন নেমার। দল যখন ট্রফি নিয়ে উল্লাস করছে, সেইসময় একই ফ্রেমে নেমারকেও দেখা গিয়েছে।
এই সুপার কাপ জয়ের পর চলতি মরশুমে চার ট্রফি জয়ের সামনে আল হিলাল। এরই মধ্যে সৌদি প্রো লিগের খেতাবও তারা প্রায় নিশ্চিত করে ফেলেছে। লিগের আর মাত্র ৭ ম্যাচ বাকি। দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে তারা।
এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং সৌদি কিং কাপের সেমিফাইনালে উঠে গিয়েছে আল হিলাল। টানা ৩৪টি ম্যাচ জয়ের অনন্য রেকর্ডের সামনে নেমারের ক্লাব দলটি।
সৌদি সুপার কাপের সেমিফাইনালে রোনাল্ডোর আল নাসেরকে হারায় আল হিলাল। ওই ম্যাচেই নেমারের সতীর্থকে কনুই দিয়ে গুঁতো মারার কারণে রোনাল্ডোকে লাল কার্ড দেখতে হয়। রেফারির ওই সিদ্ধান্তের প্রতিবাদে রোনাল্ডো যা আচরণ করেছেন, তাতেও তাঁকে দুটি ম্যাচে মাঠের বাইরে বসতে হবে।
নেমার এ ম্যাচে না খেলতে পারলেও ফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে জোড়া গোল করেন আরও এক ব্রাজিলীয় তারকা ম্যালকম। সালেম ও নাসের আল দাসারি, এই দুই ভাই আবার শেষের দুটি গোল করেন।