দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সচিব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৃঞ্জয় বসু। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির সভায় সৃঞ্জয়ের ওই ইস্তফা গৃহীত হয়েছে। আপাতত বাগান সচিবের দায়িত্ব সামলাবেন প্রাক্তন ফুটবলার তথা ক্লাব কর্তা সত্যজিৎ চট্টোপাধ্যায়।
মোহনবাগানের সচিব পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি এটিকে-মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন টুম্পাই। তাও গৃহীত হয়েছে। এটিকে-মোহনবাগান বোর্ডে সৃঞ্জয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে তাঁরই ভাই সৌমিক বসুকে।
মুম্বই সিটি এফসি ম্যাচের আগের দিন সৃঞ্জয়ের ইস্তফা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল ময়দানে। মঙ্গলবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে কার্যকরী কমিটির কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দেন ব্যক্তিগত কারণে সচিব পদ থেকে অব্যাহতি চাইছেন তিনি। সৃঞ্জয় চিঠি দেন তাঁর বাবা ক্লাবের সভাপতি স্বপনসাধন (টুটু) বসুকে জানিয়ে।
পাঠানো চিঠির বয়ান ছিল, “ব্যক্তিগত কারণে ক্লাবের সচিব পদের দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। অবিলম্বে এই ইস্তফাপত্র কার্যকর করা হোক। নিজের দায়িত্ব পূর্ণ করার চেষ্টা করেছি। বছরের পরে পর বছর ধরে যে দক্ষতায় ক্লাব এগিয়ে গিয়েছে, সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এমনটাই আশা করছি। নির্বাচনের সময় কমিটি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা অধিকাংশই পূরণ করা হয়েছে।”
২০২০ সালের জানুয়ারি মাসে মোহনবাগানের সচিব হন সৃঞ্জয়। তিনি থাকতেই দলের নাম এটিকে-মোহনবাগান হয়। তিনি এই সংযুক্তিকরণের পক্ষে থাকলেও পরের দিকে মানতে চাননি, এই নিয়ে ক্লাবের অন্দরে প্রবল টানাপোড়েন হয়েছে। সৃঞ্জয় চাইছিলেন এটিকে-র থেকে নিজেদের দায়িত্ব বুঝে নিতে, কিন্তু দেবাশিসের সঙ্গেও তাঁর সম্পর্ক নাকি আগের মতো নয়, তাও ক্লাবে শোনা যাচ্ছে।