দ্য ওয়াল ব্যুরো : তিনি কেন আইপিএলে দল কেনেননি, সেই নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। কিন্তু তিনি কোনওদিনই উৎসাহ দেখাননি সেটি নিয়ে। বলিউডের তাবড় তারকাদের অধিকাংশই কোনও না কোনও ফ্রাঞ্চাইজির সঙ্গে অতীতে যুক্ত ছিলেন, বর্তমানেও রয়েছেন।
শাহরুখ খানের কেকেআর, প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। জুহি চাওলা অবশ্য শাহরুখের পার্টনার হিসেবে কেকেআর দলেই রয়েছেন। আগে রাজস্থান রয়্যালস দলের মালকিন ছিলেন শিল্পা শেঠী। বিভিন্ন সময়ে অভিষেক বচ্চন, ক্যাটরিনারাও টাকা লাগিয়েছেন এইসব ফ্রাঞ্চাইজি দলে। কিন্তু তারপরেও সলমন খান নেই কেন, সেটি নিয়ে কৌতূহলও ছিল।
অবশেষে বলিউডের ‘ভাইজান’ সলমন শ্রীলঙ্কা ক্রিকেট লিগে একটি ফ্রাঞ্চাইজি দল কিনতে চলেছেন। সলমানের ফ্র্যাঞ্চাইজির নাম ‘ক্যান্ডি টাসকার্স’। সলমন একা অবশ্য নন, তাঁর সঙ্গে ওই দলে আর্থিক বিনিয়োগ থাকছে তাঁর বাবা সেলিম খান ও ভাই সোহেলের।
বড় চমক যদিও দলগঠনে। বলিউডের জনপ্রিয় সুপারস্টার দলে রাখতে চলেছেন ক্রিস গেইলকে। এমনকি দলে থাকবেন পাকিস্তানের নামী তারকা অলরাউন্ডার ওয়াহাব রিয়াজ, ইংল্যান্ডের লিয়াম প্ল্যাঙ্কেট, আফগান তারকা নভিন উল হক। শ্রীলঙ্কানদের মধ্যে সলমনের দলে স্থান হবে কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, আসেলা গুনরত্নে,, দিলরুয়ান পেরেরাদের। দলটিতে যে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তৈরি করা হয়েছে, সেটিও ফ্রাঞ্চাইজি আধিকারিকরা বলেছেন।
আইপিএলের খেলা দেখতে যেমন মাঝেমধ্যে গ্যালারিতে দেখা যায় শাহরুখ, প্রীতিদের। তেমনি শ্রীলঙ্কা ক্রিকেট লিগের খেলা দেখতে যেতে পারেন সলমন। এমনকি তাঁর ভাই সোহেল দলের সঙ্গে সারাক্ষণ থাকবেন। মিডিয়া প্রতিনিধিদের সলমনের ভাই বলেছেন, আমাদের দলে বস বলতে একজনই গেইল, তিনি আমাদের দলের শক্তি বাড়াবেন। সঙ্গে থাকছে শ্রীলঙ্কার নামী তারকারা। তাই আপনাদের বলতে পারি আমরা লিগে খেতাবের জন্যই নামব।’’