২০১৮ সালে বিয়ে করেছিলেন সাইনা ও কশ্যপ। হায়দরাবাদের পুল্লেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে (Pullela Gopichand academy) একসঙ্গে ট্রেনিং করতে করতেই প্রেম, পরে পরিণয়।

সাইনা ও কশ্যপ (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 14 July 2025 08:21
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্যে ইতি টানলেন অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় স্বামী পারুপল্লি কশ্যপের (Parupalli Kashyap) সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তিনি। ইনস্টাগ্রামের পোস্টে সাইনা লেখেন, 'জীবন আমাদের অনেক সময় আলাদা পথে নিয়ে যায়। অনেক ভেবেচিন্তে, আলোচনা করে আমি ও কশ্যপ সিদ্ধান্ত নিয়েছি, আলাদা হব। আমরা নিজেদের এবং একে অপরের জন্য শান্তি, মানসিকভাবে ভাল থাকা ও সুস্থভাবে বাঁচার পথ বেছে নিচ্ছি।'
সাইনা আরও লেখেন, 'একসঙ্গে কাটানো প্রত্যেকটা সময় বিশেষ, তার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে যাতে ওর ভাল হয়, সেই প্রার্থনা করি। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোয় আপনাদের সকলকে ধন্যবাদ।'
২০১৮ সালে বিয়ে করেছিলেন সাইনা ও কশ্যপ। হায়দরাবাদের পুল্লেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে (Pullela Gopichand academy) একসঙ্গে ট্রেনিং করতে করতেই প্রেম, পরে পরিণয়। কেরিয়ারে সাইনার কৃতিত্বের তালিকা দীর্ঘ, ২০১২-র লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক, ২০১৫-তে বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়া, এই সবই তাঁকে দেশজোড়া পরিচিতি এনে দেয়। অন্যদিকে, কশ্যপের ঝুলিতে রয়েছে ২০১৪ সালের কমনওয়েলথ গেমসের সোনার পদক।
এই বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পারুপল্লি কশ্যপ।
উল্লেখ্য, ২০২৪ সালে এক পডকাস্টে সাইনা জানিয়েছিলেন, তিনি আর্থ্রাইটিসে ভুগছেন এবং হাঁটুর কার্টিলেজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। বলেছিলেন, 'হাঁটুর অবস্থা খুব একটা ভাল নয়। দিনে আট-নয় ঘণ্টা ট্রেনিং করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দু'ঘণ্টা অনুশীলন করে বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে টক্কর দেওয়া সম্ভব নয়।' ফলে তাঁকে আর খুব একটা খেলার বিভিন্ন প্রতিযোগিতায় দেখা যায় না।
এখন এই শারীরিক সমস্যাই কি ব্যক্তিগত সম্পর্কের উপর ছায়া ফেলল? সে বিষয়ে কিছু না জানালেও, বিচ্ছেদের সিদ্ধান্তে সাইনার এই শারীরিক ও মানসিক লড়াইয়ের প্রভাব পড়েছে বলেই মনে করছেন অনেকে।