
আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করলেন রায়ান রিকলটন
শেষ আপডেট: 21 February 2025 20:03
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির তিন নম্বর ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান (South Africa vs Afghanistan) খেলতে নেমেছে। করাচি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকলটন (Ryan Rickelton Century) দুর্ধর্ষ ব্যাটিং করলেন। আফগান বোলারদের তিনি কার্যত পিটিয়ে ছাতু করেন এবং মাঠে চার-ছক্কার বন্যা বইয়ে দেন। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) শতরান হাঁকালেন।
আফগানিস্তানের বিরুদ্ধে রায়ান রিকলটন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেরিয়ারের প্রথম শতরান করলেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি হাঁকালেন। ইতিপূর্বে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার শতরান করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার হেনরিক ক্লাসেন চোটের কারণে এই টুর্নামেন্ট খেলতে পারেননি। তাঁর জায়গাতেই সুযোগ পেয়েছিলেন রায়ান রিকলটন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তিনি শতরান করে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। রায়ান রিকলটন এই ম্যাচে ১০৬ বলে ১০৩ রান করেন। তিনি ৭ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন। এর পাশাপাশি এই ম্যাচে অধিনায়ক টেম্বা বাভুমা ৭৬ বলে ৫৮ রানের একটা ইনিংস উপহার দেন।
২৮ বছর বয়সি রায়ান রিকলটন এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ টেস্ট ম্যাচে ৪১.০৭ ব্যাটিং গড়ে মোট ৬১৬ রান করেছেন। এছাড়া তিনি ৭ ওয়ানডে ম্যাচে ৩১.৩৩ ব্যাটিং গড়ে করেছেন ২৯১ রান। এর পাশাপাশি ১৩ টি-২০ ম্যাচে তিনি ১৯৫ রান করেন।
রায়ান রিকলটন (উইকেটকিপার), টোনি ডি জোরজি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, বিয়ান মালডার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম, জাদরান, সাদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মহম্মদ নবী, রশিদ খান, ফজলহক ফারুকি, নুর আহমেদ।