
বিরাট কোহলি
শেষ আপডেট: 22 May 2024 23:56
দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস ম্যাচ চেন্নাইকে হারিয়ে আইপিএল ২০২৪-এর প্লে অফে উঠেছিল ফাফ ডুপ্লেসির আরসিবি। সেই ম্যাচ জিতে নাকি তারা ভোর ৫টা অবধি উৎসব করেছিলেন! কিন্তু উৎসবের রেশ আর থাকল না। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল জার্নি শেষ হল বেঙ্গালুরুর। এই বছরও ট্রফি পাওয়া হল না বিরাট কোহলিদের। ১৭ বছরের স্বপ্ন পূরণ হল না আরসিবি ফ্যানদেরও। ১ ওভার বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান। এবার কোয়ালিফায়ার ২-তে তারা খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল এলিমিনেটরের এই ম্যাচে দারুণ শুরু করেছিল। কিন্তু ফাফ ডু প্লেসিসকে (১৭) আউট করে প্রথম আঘাত হানেন রাজস্থানের পেসার ট্রেন্ট বোল্ট। তিনি ঝটকা দিতে বাকি বোলাররা কাজ সেরেছেন। বিরাট কোহলিও মেজাজেই শুরু করেছিলেন। তবে তিনি আউট হন চাহালের বলে। কোহলি করে গিয়েছেন ২৪ বলে ৩৩ রান, ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারি এবং একটি ছক্কা।
আমদাবাদের যে উইকেটে খেলা হচ্ছে, তাতে পেসার ও স্পিনাররা সমান সুবিধে পাচ্ছে। অন্তত রাজস্থান বোলারদের দেখে তাই বোঝা গিয়েছিল। ক্যামেরন গ্রিন (২৭), রজত পাতিদার (৩৪) ভাল খেলছিলেন, কিন্তু তাঁদের তুলে নেন অশ্বিন ও আবেশ খান। বেঙ্গালুরুর হয়ে শেষদিকে রান টেনেছেন মহিপাল লোমর, তিনি ১৭ বলে ৩২ রান করেছেন। ইনিংসে রয়েছে দুটি চার এবং দুটি ছয়। অশ্বিন আসল সময়ে দুটি উইকেট নেন।
রাজস্থান ব্যাট করতে নেমে যে ঢঙে শুরু করেছিল তাতে ১৭২ কখনই বড় রান মনে হয়নি এই পিচে। ওপেন করতে নেমে যশস্বী আর টম ভাল শুরু দিয়েছিলেন দলকে। ৩০ বলে ৪৫ করে আউট হন যশস্বী। এরপর রান হলেও একে একে উইকেট পড়ছিল রাজস্থানের। মাঝে ছোট 'ক্যামিও' দেন রিয়ান পরাগ। ২৬ বলে ৩৬ করে সিরাজের বলে আউট হন তিনি।
একটা সময়ে টানটান উত্তেজক হয়ে উঠেছিল এই ম্যাচও। রাজস্থানের পাওয়েলের অসাধারণ একটি ক্যাচ ধরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন বেঙ্গালুরু অধিনায়ক। তবে ভাগ্য কোনও ভাবেই সঙ্গ দেয়নি বিরাটদের। এক সময়ে ১২ বলে ১৩ বাকি ছিল। কিন্তু পরপর দুটো ৪ এবং ১৯ ওভারের শেষ বলে ৬, আরসিবি-র ট্রফি জয়ের স্বপ্ন এবারেও ভেঙে দিল।