আরসিবির বিরুদ্ধে ২৪১ রান তাড়া করতে নেমে মাঠ ছাড়লেন রোহিত শর্মা।

রোহিত শর্মা
শেষ আপডেট: 12 April 2026 23:21
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬-এর (IPL 2026) হাই-ভোল্টেজ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs RCB)। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৪১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বড় ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। হ্যামস্ট্রিং চোটের কারণে মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হলেন মুম্বইয়ের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma injury)।
রবিবার ১২ এপ্রিলের এই ম্যাচে শুরু থেকেই কিছুটা অস্বস্তিতে দেখাচ্ছিল রোহিতকে। ৫ ওভারের পরেই মাঠে ফিজিও ডাকতে হয় তাঁকে। শেষ পর্যন্ত ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল খেলার পর আর চালিয়ে যেতে পারেননি তিনি। ১৩ বলে ১৯ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর জায়গায় ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে সম্প্রতি ১০ কেজি ওজন কমিয়ে ফিটনেসে জোর দিলেও, এই চোট মুম্বই শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
রোহিত মাঠ ছাড়ার পরেই খেই হারিয়ে ফেলে মুম্বইয়ের ইনিংস। বিধ্বংসী মেজাজে থাকা রায়ান রিকেলটন ২২ বলে ৩৭ রান (৩টি চার ও ৩টি ছক্কা) করে সুয়াশ শর্মার বলে আউট হন। তিলক বর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি, মাত্র ১ রান করেই সুয়াশের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। রোহিতের হঠাৎ প্রস্থান এবং দ্রুত উইকেট পতন মুম্বইয়ের রান তাড়ার গতিকে থামিয়ে দেয়।
এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৪০ রানের বিশাল স্কোর খাড়া করে আরসিবি।
ফিল সল্ট: ৩৬ বলে বিধ্বংসী ৭৮ রান।
রজত পাতিদার: মাত্র ২০ বলে ঝড়ো ৫৩ রান।
বিরাট কোহলি: ৩৮ বলে ৫০ রান।
টিম ডেভিড: ১৬ বলে অপরাজিত ৩৪ রান।
মুম্বইয়ের পক্ষে ট্রেন্ট বোল্ট, হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর এবং মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন।