প্রসিদ্ধ কৃষ্ণর আগুনঝরা বোলিং আর শুভমান গিলের দুরন্ত ব্যাটিং—লখনউকে হেলায় হারিয়ে আইপিএলে দাপট দেখাল গুজরাত টাইটান্স! ম্যাচের বিস্তারিত রিপোর্ট পড়ুন।

রান পেলেন শুভমান
শেষ আপডেট: 12 April 2026 19:24
দ্য ওয়াল ব্যুরো: গোটা ম্যাচ দুই ভাগে ভাগ করলে ভুল হবে না। প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) আগুনে স্পেল। তারপর ব্যাট হাতে শুভমান গিলের (Shubman Gill) ক্লাস। মধ্যে ঝড় তুললেন জস বাটলার (Jos Buttler)। সব মিলিয়ে একেবারে ‘প্যাকেজ পারফরম্যান্সে’ লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) হেলায় হারাল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ১৬৫ রানের টার্গেট—শেষ পর্যন্ত সহজই চেজ করে ফেলে শুভমান-বাহিনী।
লখনউ আজ শুরুটা খারাপ করেনি। এডেন মার্করাম (Aiden Markram) ৩০ করে ইনিংসের হাল ধরেছিলেন। ঋষভ পন্থ (Rishabh Pant), নিকোলাস পুরান (Nicholas Pooran), আব্দুল সামাদ (Abdul Samad)—সবাই ছন্দে থেকেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। যার ফায়দা নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রসিদ্ধ। এক এক করে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। শেষ পর্যন্ত ঝুলিতে চার শিকার। মাঝের ওভারগুলোয় লখনউকে পুরোপুরি চাপে ফেলে দেন তিনি। ২০ ওভারে স্কোর দাঁড়ায় ১৬৪/৮। যা এই পিচে লড়াই করার মতো, কিন্তু নিরাপদ ছিল না।
টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী গুজরাত। শুভমান গিল ৫৬। জস বাটলার ৬০। এই জুটি ম্যাচকে একপেশে করে দেয়। গিলের টাইমিং, বাটলারের আগ্রাসন—আজ একসঙ্গে কাজ করেছে। মহম্মদ সামির বলে (Mohammed Shami) ইংরেজ ব্যাটার আউট হন। প্রিন্স যাদব (Prince Yadav) ফেরান গিলকে। এই কারণে খেলায় কিছুটা উত্তেজনা ফিরেছিল। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।
অন্তিম লগ্নে আর ঝুঁকি নেয়নি গুজরাত। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) আর রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) খেলা ঠান্ডা মাথায় খতম করে দেন। ২০ লাগেনি… ১৮.২ ওভারেই লক্ষ্যপূরণ। অন্তিম মুহূর্তে নাটকীয় মোচড় উধাও। তার কারণ, ভিতটা আগেই গিল আর বাটলার মিলে তৈরি করে দিয়েছিলেন।
গুজরাতের সাফল্য শুধু রান তাড়া করে জেতা নয়। এটা নিখুঁত পরিকল্পনা, বোলিংয়ে নিয়ন্ত্রণ আর ব্যাটিংয়ে পরিপক্বতার প্রমাণ। আর লখনউ? তাদের সেই চেনা রোগ কিছুতেই সারছে না। শুরু আছে, শেষ নেই। এই অসামঞ্জস্য গেলবার ঋষভদের ভুগিয়েছে, এবারও সিজনের শুরুতে পিছিয়ে দিচ্ছে।