
শেষ আপডেট: 1 April 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: লা লিগায় রিয়াল মাদ্রিদকে ধরা যাচ্ছে না। রিয়ালের হয়ে ব্রাজিলীয় তারকা রডরিগো জোড়া গোল করলেন। এন্ড্রিকের পরে এবার রডরিগো ফুল ফোটালেন।
দুই অর্ধে দুটি গোল করলেন তিনি। তাঁর এই দুই গোলেই রীতিমতো উড়ছে স্প্যানিশ জায়ান্ট। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোসরা। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে কার্লো আনসেলেত্তির ছেলেরা।
৩০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫। সমান সংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। জাভির বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রিয়াল। মরশুমের শুরুতে দারুণ শুরু করা জিরোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬৫। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাথলেটিক বিলবাও। এই হারের ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলার পথে হোঁচট খেল অ্যাথলেটিক ক্লাব।
ম্যাচের পর জোড়া গোলদাতা রডরিগো জানিয়েছেন, ‘‘আমার জন্য এটা ছিল বিশেষ একটি দিন। রিয়ালের এই জার্সি পরে গোল করা সব সময়ই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জয়ে অবদান রাখতে পেরে আমি খুব খুশি।’’
ব্রাজিলীয় তারকা আরও জানান, আমাদের এই মুহূর্তে পয়েন্ট হারালে চলবে না। তাই জয়ের জন্য বাকি ম্যাচেও সমানভাবে ঝাঁপাতে হবে।