
রিতিকা এবং অনুষ্কার ভিন্ন প্রতিক্রিয়া
শেষ আপডেট: 4 March 2025 21:00
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াই চলছে। টিম ইন্ডিয়া আপাতত ৩৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে। এই ম্যাচে ধামাকাদার হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আপাতত তিনি শতরানের দিকে এগিয়ে চলেছেন। উল্টোদিকে, তাঁকে সঙ্গত দিচ্ছেন কেএল রাহুল।
২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা খুব একটা ভাল হয়নি। আরও একবার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। কুপার কনোলির বলে তিনি LBW আউট হয়ে ফিরে যান। এই ম্যাচে রোহিত ২৯ বলে ২৮ রান করেন।
আর রোহিত ফিরতে না ফিরতেই টেলিভিশন ক্যামেরা তাঁর স্ত্রী রিতিকা সাজদেহর দিকে তাক করা হয়। সেইসময় রোহিত পত্নীর মুখে একরাশ হতাশা দেখতে পাওয়া যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি। কারণ, রিতিকা খুব ভাল করেই বুঝতে পারছিলেন যে আরও একবার এমন ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়তে হবে রোহিতকে। প্রসঙ্গত, শেষ চারটে ম্যাচে রোহিত যথাক্রমে ৪১, ২০, ১৫ এবং ২৮ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাঁর ব্যাট থেকে ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে এসেছিল। তারপর থেকে শতরান তো দুরের কথা, একটা হাফসেঞ্চুরিও করতে পারেননি।
অন্যদিকে, আরও একবার নিজের ক্লাস প্রমাণ করলেন বিরাট কোহলি। সম্প্রতি, কোহলির ব্যাটিং ফর্ম নিয়েও অনেকে অনেক কথা বলেছিলেন। কিন্তু, বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা তিনি খুব ভাল করেই জানেন। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে ভাল মঞ্চ আর কীই বা হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি অপরাজিত শতরান করেন। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ঝকঝকে ফিফটি বেরিয়ে এসেছে। এবার তিনি সেঞ্চুরি করতে পারেন কি না, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে।