
শেষ আপডেট: 8 December 2023 17:56
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারে ব্রাজিল। তাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রডরিগেজকে বহিষ্কার করেছে দেশটির সর্বোচ্চ আদালত। আর্থিক দুর্নীতিতে জড়িয়ে গিয়েছেন ফেডারেশনের শীর্ষ আধিকারিক।
ফিফার নিয়মে রয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ব্রাজিল ফুটবল সংস্থাকে সাসপেন্ড করতে পারে ফিফা। কারণ সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ থাকলে সেই সংস্থাকে বাতিল ঘোষণা করতে পারে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা।
২০২১ সালে অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এডনাল্ডো। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদে বহাল হন। নিয়ম অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল।
ব্রাজিলের রিও ডি জেনিরোর আদালত অনিয়মের অভিযোগে রডরিগেজকে বহিষ্কার করেছে। যদিও রডরিগেজের আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু তৃতীয় পক্ষ যেভাবে ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করেছে, তা ফিফার নিয়ম বহির্ভূত।
সেই কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফের ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা পেলে ব্রাজিল দল, তাদের কর্মকর্তা এবং রেফারিরা আন্তর্জাতিক ম্যাচ এবং ইভেন্টে অংশ নিতে পারবেন না। সমস্যায় পড়ে গেল পেলে-গ্যারিঞ্চার দেশ।
সিবিএফের কিছু নির্বাহী কর্মকর্তা এডনাল্ডোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন। ব্যাপারটা গড়ায় আদালত পর্যন্ত। বৃহস্পতিবার রিও ডি জেনেরোর আদালত থেকে এসেছে নির্দেশ।
এতে বলা হয়, রডরিগেজ তাঁর পদ থেকে ছাঁটাই করে ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এ সময়ে সিবিএফের দায়িত্ব পালন করবেন দেশটির ক্রীড়া আদালতের প্রধান জোসে পারদিসে। তাঁর অধীনেই হবে নতুন নির্বাচন।