
রিঙ্কু সিনহ ও তাঁর বাবা
শেষ আপডেট: 21 January 2025 07:38
দ্য ওয়াল ব্যুরো: ছেলের এখন খ্যাতি হয়েছে। চর্চাতেও থাকেন হামেশাই। বেশি দিন হয়নি বাবাকে স্পোর্টস বাইক (Sports Bike) কিনে দিয়েছেন রিঙ্কু (Rinku Singh)। সেই বাইকে চেপেই কাজে যাচ্ছেন রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিং।
একসময় ব্যাপক আর্থিক অনটন ছিল পরিবারে। রিঙ্কু সেই আর্থিক দুরাবস্থা চুকিয়েছেন অনেক দিন হল। তবে আগে ঠিক যেভাবে তাঁর বাবা বাড়ি বাড়ি গিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে বেড়ান, এখনও তাই করছেন। শুধু পার্থক্য একটাই, এখন ছেলের উপহার দেওয়া স্পোর্টস বাইকে চেপে ডেলিভারির কাজ করছেন তিনি।
View this post on Instagram
ভারতের তারকা খেলোয়াড় রিঙ্কু তাঁর বাবাকে কাওয়াসাকি নিনজা ৫০০ স্পোর্টস বাইক কিনে দিয়েছেন। যার দাম প্রায় ৫ লক্ষ টাকা। সদ্য একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাইক চালিয়ে কাজে যাচ্ছেন রিঙ্কুর বাবা।
এদিকে এই ক'দিন কথা উঠেছিল ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রিঙ্কু সিং নাকি ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। গত কয়েকদিন ধরেই খবরটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে শুরু করেছে। দাবি করা হচ্ছে, সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে বিয়ে করতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স দলের এই তারকা ব্যাটার।
তবে রিঙ্কু এখন ব্যস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ নিয়ে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। তারপর রিঙ্কু ব্যস্ত হয়ে পড়বেন আইপিএলে।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের হয়ে রিঙ্কু প্রধানত টি-২০ ক্রিকেটই খেলেছেন। যদিও বেশ কয়েকটি ওয়ানডে ম্যাচেও তাঁকে খেলতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কু ২ ওয়ানডে ম্যাচ এবং ৩০ টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটের ২ ইনিংসে তিনি ৫৫ রান করেন। সর্বাধিক করেছেন ৩৮ রান। এছাড়া টি-২০ ক্রিকেটের ২২ ইনিংসে তিনি ৪৬.০৯ ব্যাটিং গড়ে এবং ১৬৫.১৪ স্ট্রাইক রেটে মোট ৫০৭ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে তিনটে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। সর্বাধিক অপরাজিত ৬৯ রান করেছেন।