
রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল - ফাইল চিত্র
শেষ আপডেট: 31 March 2024 18:53
দ্য ওয়াল ব্যুরো: পরপর দু'ম্যাচ জিতে হালকা মেজাজে কলকাতা নাইট রাইডার্স। প্লেয়ারদের আত্মবিশ্বাস তুঙ্গে তাই ড্রেসিংরুমের অন্দরের পরিবেশও ফুরফুরে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে ইতিমধ্যেই রওনা হয়েছে দল। তবে মাঝে আকাশে বিমানের মধ্যে দেখা গেল 'লুটে পুটে' যাচ্ছেন রিঙ্কু-রাসেলরা। ব্যাপারটা কী, শাহরুখ কি নজর রাখছেন?
২০২৩ সালে বলিউডকে একা হাতে টেনেছেন কিং খান। পরপর তিন ছবি ব্লকবাস্টার। ছবিগুলির গানও ব্যাপক হিট। কলকাতা দলের দুই মহারথী মাঝ আকাশে সেই গান গাইতেই ব্যস্ত। শুধু গাওয়া নয়, একে অপরের সঙ্গে কম্পিটিশন করছেন!
কেকেআরের তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, প্রথম রিঙ্কু 'ডাঙ্কি' ছবির 'লুট পুট গ্যায়া' গানটি গেয়ে ওঠেন। এরপর তিনি ওই গানটিই রাসেলকে গাইতে বলেন। 'ড্রে রাস' জবাবে বলেন, ''ওটা আমার প্রিয় গান। তুমি গাইবে না।'' তারপর তিনিও দু'লাইন গাইতে শুরু করেন। ততক্ষণে সবাই হেসে সত্যিই লুটেপুটে যাচ্ছে।
Who did it better - Dre or Rinku ???????? pic.twitter.com/mpRNYsGEX5
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2024
আইপিএল-এর এই মরশুম দারুণ ছন্দে শুরু করেছে কেকেআর। প্রথম ম্যাচে আগে ব্যাট করে হারিয়েছে হায়দরাবাদকে। সেই ম্যাচে বিধ্বংসী ফর্মে ছিলেন রাসেল। পরের ম্যাচে রান চেজ করে কেকেআর জিতেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। তাই দলের কোচ, মেন্টর থেকে শুরু করে সকলেই এখন খোশ মেজাজে।