সবকিছু মুছে যায়, যখন মাইক হাতে নেন লিওনেল মেসি। ছোট্ট অথচ আবেগঘন বক্তব্যে তিনি ধন্যবাদ জানান সমর্থকদের।

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 15 December 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) সোমবার সন্ধ্যায় উত্তেজনা আর উন্মাদনার কেন্দ্রে লিওনেল মেসি (Lionel Messi)। যদিও আর্জেন্তিনীয় ফুটবল তারকা (Lionel Messi in Delhi) মাঠে নামার আগেই এক অস্বস্তিকর মুহূর্ত চোখে পড়ে। গ্যালারির একাংশ থেকে কয়েকজন দর্শককে নিরাপত্তারক্ষীরা বাইরে (GOAT Tour) নিয়ে যান। তাঁদের গায়ে ছিল রিয়াল মাদ্রিদের (Real Madrid) জার্সি। ঠিক কী কারণে সরানো হল, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, মেসি-র (Lionel Messi in Kolkata) জয়ধ্বনিতে ভরা গ্যালারিতে রিয়াল জার্সিধারী ওই সমর্থকেরা ঝামেলা বাধানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ তাঁদের বাইরে নিয়ে যায়।
Some Madrid fans got kicked out from the stadium by Delhi police pic.twitter.com/Ek6fIbQWwT
— Vaibhav Hatwal ◟̽◞̽ 🤧 (@vaibhav_hatwal) December 15, 2025
ঘটনার জেরে মুহূর্তের মধ্যে গ্যালারিতে গুঞ্জন ছড়ায়। একদিকে মেসি-উন্মাদনা, অন্যদিকে রিয়াল বনাম বার্সার চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস—দিল্লির সন্ধ্যায় এই দুটো বিষয় যেন বাস্তব হয়ে উঠেছিল। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করায় বড় কোনও বিশৃঙ্খলা হয়নি। কিছুক্ষণ পর ফের গোটা স্টেডিয়াম ডুবে যায় উল্লাসে। মেসির জন্য অপেক্ষাই তখন একমাত্র ফোকাস।
মাঠে পা রাখার পর ছবিটা বদলে যায়। গায়ে পিঙ্ক রঙের টি-শার্ট, পরিচিত হাসি, সঙ্গে লুইস সুয়ারেজ (Luis Suarez) ও রদ্রিগো দে পল (Rodrigo De Paul)। চারদিক থেকে গর্জে ওঠে দর্শকাসন। বল স্ট্যান্ডে ছোড়া, তরুণ ফুটবলারদের সঙ্গে রোন্দো—সব মিলিয়ে উৎসবের আবহ। রিয়াল সমর্থকদের বের করে দেওয়ার ঘটনা তখন পিছনের পাতায়।
সবকিছু মুছে যায়, যখন মাইক হাতে নেন লিওনেল মেসি। ছোট্ট অথচ আবেগঘন বক্তব্যে তিনি ধন্যবাদ জানান সমর্থকদের। বলেন, ‘এই ক’দিন ভারতে যে ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সময়টা খুব অল্প ছিল, কিন্তু অভিজ্ঞতা অসাধারণ। আমি জানতাম এখানে ভালোবাসা আছে। কিন্তু সামনে থেকে সেটা অনুভব করা অবিশ্বাস্য।’ পাশাপাশি যোগ করেন, ‘আপনাদের এই উন্মাদনা, এই পাগলামি—সবই স্পেশ্যাল!’
শুধু ধন্যবাদেই থামেননি লিও। আবার ভারতে ফেরার ইঙ্গিতও দেন। ‘কখনও ম্যাচ খেলতে, কখনও অন্য কোনও উপলক্ষে—আমরা নিশ্চয়ই আবার ফিরব!’ বলেন তিনি। বক্তব্য শেষ করেন কৃতজ্ঞতা জানিয়ে।
সবশেষে দিল্লি পর্বের আনুষ্ঠানিকতা—জয় শাহের (Jay Shah) সঙ্গে সাক্ষাৎ, ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার (Team India) জার্সি, স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আমন্ত্রণ। পরিকল্পিত সূচিতে শেষ হয় মেসির ভারত সফরের ফিনালে।