ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার মহিলা প্রিমিয়ার লিগের ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেষ আপডেট: 5 February 2026 23:48
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় বারের জন্য ওমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন (Women’s Premier League) হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগের খেতাব নিজেদের করে নিল আরসিবি। এই ঐতিহাসিক জয়ের মূল কারিগর ছিলেন দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। মাত্র ৪১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১২টি চার এবং ৩টি বিশাল ছক্কা।

সমান গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জর্জিয়া ভোল। ৫৪ বলে ৭৯ রান করেন তিনি, যেখানে ছিল ১৪টি চার। এই দুই ব্যাটারের দাপটেই কঠিন লক্ষ্যকে কার্যত সহজ করে নেয় বেঙ্গালুরু। ২০২৪ সালের পর ফের ২০২৬ সালে মহিলা প্রিমিয়ার লিগের ট্রফি জিতল আরসিবি। উল্লেখযোগ্যভাবে, মাঝের বছর ২০২৫ সালে পুরুষদের আইপিএলও জিতেছিল বেঙ্গালুরু শিবির। সব মিলিয়ে স্বপ্নের ফর্মেই এগোচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
যদিও ম্যাচের শুরুটা আরসিবির জন্য সহজ ছিল না। প্রথম দিকে কিছুটা চাপের মুখে পড়লেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন জর্জিয়া ভোল। অন্যদিকে স্মৃতি মান্ধানাও মাত্র ২৩ বলেই অর্ধশতরান পূর্ণ করেন। ১১.২ ওভারে এক উইকেট হারিয়ে ১১৪ রান তোলে বেঙ্গালুরু। চোখের পলকেই স্মৃতি ও জর্জিয়ার মধ্যে গড়ে ওঠে ১৫০ রানের জুটি।
এরপর ম্যাচে নাটকীয় মোড়। ৭৯ রানে ফিরে যান জর্জিয়া ভোল। কিছুক্ষণ পর ৮৭ রানে আউট হন স্মৃতি মান্ধানাও। শেষের দিকে উত্তেজনা চরমে ওঠে। অন্তিম ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু রাধা যাদব পরপর দু’টি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ আরসিবির দিকেই টেনে নেন। শেষপর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য মহিলা প্রিমিয়ার লিগের খেতাব জয় করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।