
শেষ আপডেট: 28 February 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: রাঁচির ঘরের ছেলে এমএস ধোনি। রাঁচিতে ভারতীয় দল খেলছে, অথচ বিশ্বজয়ী প্রাক্তন দলনেতা মাঠে নেই, কেউ সেটি বিশ্বাস করতে পারেননি। সদ্য সমাপ্ত রাঁচি টেস্টের চারদিন মাঠের আশেপাশে দেখা যায়নি ধোনিকে। তাঁর ঘরের মাঠে রোহিতের দল জিতল পাঁচ উইকেটে। ওই ম্যাচ জিতে সিরিজও দখল করেছে।
ধোনি সেইসময় ব্যস্ত ছিলেন আইপিএলে চেন্নাই দলের প্রস্তুতিতে। রবীন্দ্র জাদেজাও কিছুদিনের মধ্যেই ধোনির শিবিরের সঙ্গী হবেন। কিন্তু যেখানে কিংবদন্তির শহরে এসে টেস্ট খেললেন, সেখানে ধোনির বাড়ির সামনে যেতে চেয়েছিলেন জাড্ডু।
কলকাতার বেহালা যেমন সৌরভের বাড়ির জন্য বিখ্যাত, তেমনি রাঁচিতে হুরমু রোড কিংবা রিং রোডে মাহির বাড়ি নিয়েও সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। সারাক্ষণই অবশ্য বাড়ির সামনে কড়া প্রহরা রয়েছে।
আগে ধোনি রাঁচিতে থাকতেন হুরমু রোডের বাড়িতে। বড় রাস্তার একেবারে পাশেই সেই প্রাসাদোপম বাড়ি। সেই বাড়িতে অবশ্য ধোনি বর্তমানে থাকেন না। তিনি চলে গিয়েছিলেন রিং রোডের খামারবাড়িতে। সেই বাড়ির সামনে খেলা শেষে পৌঁছে গিয়েছিলেন জাদেজা। সেটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ‘‘কিংবদন্তির বাড়ির সামনে সাধারণ সমর্থক হিসেবে পোজ দিতে ভালই লাগে।’’ জাদেজার সঙ্গে ধোনির বরাবরই ভাল সম্পর্ক। সেই টানেই মাহির বাসভবনের সামনে এসে চিৎকার করে বলেছেন, মাহি ভাই আমি তোমার বাড়ির সামনে, দরজা খোলো!
নেহাতই রসিকতা, কিন্তু বুঝিয়ে দিয়েছেন, মাহি আবেগে তিনিও সমর্থকদের মতোই শামিল। গত ১৫ বছর ধরে তাঁরা একে অপরের সতীর্থ। গত আইপিএল ফাইনালে জাদেজা শেষ দুই বলে ১০ রান করে তিনি ম্যাচের সেরা হন। ধোনি এসে জাদেজাকে জড়িয়ে ধরেছিলেন। তাঁদের মধ্যে ভালবাসা রয়েইছে। সেই ভালবাসার পরশে নতুন রং লাগালেন জাড্ডু।