
শেষ আপডেট: 22 January 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন রবি শাস্ত্রী। সারা জীবনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হচ্ছে দেশের প্রাক্তন নামী অলরাউন্ডারকে। ২৩ জানুয়ারি মঙ্গলবার হায়দরাবাদের একটি অনুষ্ঠানে এই সম্মান দেবেন সচিব জয় শাহ ও সভাপতি শাস্ত্রীর সতীর্থ রজার বিনি।
শাস্ত্রী ভারতের কিছু ম্যাচে অধিনায়ক হয়েছেন, কোচিংও করিয়েছেন। তিনি ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবেও সুনাম অর্জন করেছেন। শাস্ত্রী আগে বোর্ডের এই স্বীকৃতি পেয়েছেন কপিল দেব, সুনীল গাভাসকার, সৈয়দ কিরমানি, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, এমনকী বিষান সিং বেদীও এই পুরস্কার পান।
শাস্ত্রী দেশের হয়ে ৮০টি টেস্ট ও দেড়শটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। পাশাপাশি তিনি ১৯৮৩ সালে কপিলের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন। এমনকী ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় বেনসন অ্যান্ড হেজেস কাপে সিরিজের সেরার পুরস্কার হিসেবে অডি গাড়ি পেয়েছিলেন। ওই ঘটনা শাস্ত্রীকে পাদপ্রদীপের আলোয় এনেছিল।
২০১৯ সালের পরে আবার বোর্ড এই সম্মান দিচ্ছেন। বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন শুভমন গিল। শেষবার এই পুরস্কার পেয়েছিলেন যশপ্রীত বুমরা।