
বাতিল ঘোষণার পরে ভিনেশ (বাঁদিকে)। পাশে ফোগতের সঙ্গে দেখা করলেন উষা।
শেষ আপডেট: 7 August 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: পুরো দেশ ভিনেশ ফোগতের ঘটনায় থমথমে। কুস্তির ফাইনালে নামার আগে বিনামেঘে বজ্রপাত। ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় তিনি বাতিল হয়ে যান। এই ঘটনায় সারা দেশে সকাল থেকেই আলোড়ন শুরু হয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষাকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলেছিলেন। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই বিষয়ে অনড়। তিনি সব চেষ্টা করলেও কোনও কাজ হয়নি।
উষা দেখা করতে গিয়েছিলেন ভিনেশের সঙ্গে। গত রাতে তিনি দুই কেজি ওজন কমাতে নানা ধরনের ট্রেনিং করেছেন। সাইক্লিং, রানিং, এমনকী তাঁর শরীর থেকে রক্ত পর্যন্ত টানা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরছে, দেখা গিয়েছে সারা রাত ধরে ওজন কমানোর নিরন্তর চেষ্টা করার পরেও ভিনেশের ওজন কমেনি। তিনি বাতিল ঘোষিত হওয়ার পরে মনমরা হয়ে বসে রয়েছেন। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে, ট্যাগ দেওয়া হয়, টেক আ বো কুইন!
স্বপ্নভঙ্গ হলে একজন অ্যাথলিট কীভাবে তাঁর হৃদয়ে রক্তক্ষরণ হতে পারে, সেই ছবিতেই সব পরিষ্কার হয়ে গিয়েছে। বুধবার অবশ্য বিকেলের দিকে উষা দেখতে যান ভিনেশকে। ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতিকে দেখে ভেঙে পড়েন ভিনেশ, যিনি দাপটের সঙ্গে ফাইনালে উঠেছিলেন। গেমসের কোয়ার্টার ফাইনালে হারান বিশ্বের একনম্বর কুস্তিগিরকেও।
উষা ভিলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মিডিয়া প্রতিনিধিদের জানিয়েছেন, ‘‘আমরা সবরকমভাবে চেষ্টা করেছিলাম ভিনেশের হয়ে সওয়াল করার। কিন্তু অলিম্পিক্সে ভিনেশের বাতিল হওয়ার খুবই চমকের। আমি অলিম্পিক্স গেমস ভিলেজের পলিক্লিনিকে ওর সঙ্গে দেখা করেছি। আইওএর পক্ষ থেকে যে সব রকম ভাবে ওকে সমর্থন করা হবে সেটা আমি আশ্বস্ত করেছি। কেন্দ্র সরকার ও দেশবাসী ভিনেশের পাশে রয়েছে।’’
কুস্তিমহলে ভিনেশ অগ্নিকন্যা নামে পরিচিত। কুস্তিগিরকে যৌন নির্যাতনের অভিযোগে ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ভিনেশ। এই ঘটনায় আন্দোলনের তিনি অন্যতম প্রধান মুখ ছিলেন।