
ভিনেশের সঙ্গে গেমস ভিলেজের হাসপাতালে দেখাও করতে যান উষা।
শেষ আপডেট: 12 August 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় নামতে পারেননি ভিনেশ ফোগত। তিনি রুপো হাতছাড়া করেন। ফাইনালে জিতলে অবশ্য তিনি সোনাই পেতেন। সেই লড়াই নামতে তো পারেননি, উপরন্তু তিনি বাতিল হয়ে ক্রম তালিকায় সকলের নিচে চলে যান।
এই ঘটনায় ভিনেশের সমর্থনে কেন্দ্র সরকার ভারতের দুই বিশিষ্ট আইনজীবীকে নিযুক্ত করেছেন। হরিশ সালভে ও বিদস্পত সিংঘানিয়া মিলে আন্তর্জাতিক আদালতে সওয়ালও করেছেন। সেই রায় বেরনোর কথা মঙ্গলবার ভারতীয় সময়ে রাত ন’টা নাগাদ।
তার আগে ওই বিতর্ককে উস্কে দিলেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভানেত্রী পিটি উষা। তিনি ভিনেশের দুই কেজি ওজন বেড়ে যাওয়ার কারণ হিসেবে তাঁকে ও তাঁর কোচিং স্টাফকে দায়ী করেছেন। উষা এদিন জানান, ভিনেশ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা, সে কেন জানবে না ফাইনালের আগে কী নিয়ম মানতে হয়।
ভারতীয় অ্যাথলেটিক্সের একদা সোনার রানি আরও জানিয়েছেন, ‘‘কুস্তি, জুডো, বক্সিং ও ভারোত্তোলন এই চারটি ইভেন্টে কোনও প্রতিযোগীর ওজন বেড়ে যাওয়ার দায় সেই খেলোয়াড়কেই নিতে হয়। পাশাপাশি সেই দায় বর্তায় তাঁর কোচিং স্টাফেরও। এখানে যে বলা হচ্ছে, অলিম্পিক্স সংস্থার নিযুক্ত চিকিৎসক ডাঃ দিনেশ পারদিয়লার হাত রয়েছে, সেটি ঠিক নয়।’’
আন্তর্জাতিক আদালতে রায়ের আগে উষার এই মন্তব্য পটভূমিকা বদলে দিতে পারে। যেখানে ভারতীয় আইনজীবীরা চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন, সব যোগ্যতা থাকা সত্ত্বেও কেন ভিনেশকে রুপোর জন্য বিবেচনা করা হবে না? সেই পরিস্থিতিতে খোদ ভারতীয় অলিম্পিক্স সংস্থার চেয়ারপার্সনের এই মন্তব্য রায়ের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
উষা অবশ্য গেমস ভিলেজের হাসপাতালে গিয়ে ভিনেশকে দেখে এসেছিলেন। কারণ প্যারিসের ফাইনালের আগের রাতে ভিনেশের ওজন কমে যাওয়ার জন্য তাঁকে সারারাত ট্রেনিং করতে হয়েছিল। তাঁর শরীর থেকে রক্ত টানা হয়। তিনি শুধু জল খেয়েছিলেন। তারপরেও দুই কেজি থেকে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তিনি কুস্তির ফাইনালে নামতে পারেননি।