
প্রিয়াংশ আর্য ও প্রীতি আর্য
শেষ আপডেট: 10 April 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগে আলাপ হওয়া লাজুক ছেলেটাই যে মাঠে নেমে বিধ্বংসী শতরান করে ফেলবে, সেটা কোনওভাবেই আগাম আঁচ করতে পারেননি প্রীতি জিন্টা। পাঞ্জাব কিংসের মালকিন তিনি। চেন্নাই ম্যাচের আগে নিলামে বেস প্রাইসে কেনা তরুণ ব্যাটারদের সঙ্গে কথাবার্তা সারছিলেন। তখনই প্রিয়াংশের সঙ্গে পরিচয়।
ধোনির চেন্নাইকে একা হাতে উড়িয়েছেন তরুণ ওপেনার। আইপিএলের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি, ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম, সেটাও নিজের চার নম্বর ইনিংসে—একটি ম্যাচকে যত রকম ভাবে স্মরণীয় করে রাখা যায়, বছর চব্বিশের সুদর্শন তার নমুনা মেলে ধরেছেন।
মোহালির মুল্লানপুর স্টেডিয়ামের এই নতুন সুলতানকে নিয়ে আপাতত বুঁদ হয়ে রয়েছেন প্রীতি। ইনস্টাগ্রামে প্রিয়াংশের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘গতরাত বিশেষভাবে স্মরণীয়। আমরা একটি বিধ্বংসী ইনিংসের সাক্ষী রইলাম। যেখানে একজন উজ্জ্বল তারকা জন্ম নিল, শোনা গেল নক্ষত্রের গর্জন!’
এরপরই প্রথম আলাপের স্মৃতিচারণ করে প্রীতি বলেন, ‘দুদিন আগে বছর চব্বিশের প্রিয়াংশ আর্য এবং আরও কয়েকজন তরুণ ক্রিকেটারের সঙ্গে দেখা করি। প্রিয়াংশ ভীষণ লাজুক, চুপচাপ ছিল। সারা সন্ধেজুড়ে একটিও কথা বলেনি।‘
Last night was beyond special. We witnessed an explosive game of cricket, the roar of a legend and the birth of a bright Star !
— Preity G Zinta (@realpreityzinta) April 9, 2025
I met 24 year old Priyansh Arya with some of our other young players a couple of days ago. He was quiet, shy & unassuming & did not utter a word… pic.twitter.com/HtJPFsx1mf
ম্যাচের পর দুজনের সাক্ষাৎ হয় মুল্লানপুর স্টেডিয়ামে। আনকোরা মুখ আচমকাই চর্চায় চলে আসে। পাঞ্জাব মালকিনের কথায়, ‘গতরাতের খেলার পর প্রিয়াংশের প্রতিভা ওর হয়ে কথা বলেছে। আগ্রাসী ব্যাটিং শৈলী শুধু আমায় নয়, তামাম ভারতবাসীকে মুগ্ধ করে রেখেছে। ৪২ বলে ১০৩ রানের ইনিংসের সূত্রে ক্রিকেটের রেকর্ড বুকে নিজেদের নাম খোদাই করল প্রিয়াংশ।‘
সবশেষে নয়া তারকাকে শুভেচ্ছা জানিয়ে প্রীতির বক্তব্য, ‘কথার চেয়ে কাজ বড়। একজন মানুষের কাজ কীভাবে কথার চাইতে উচ্চকিত শোনায় তার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি। হাসতে থাকো। নিজের প্রতিভার দ্যুতি ছড়িয়ে দাও। আমায় এবং স্টেডিয়ামে আসা তামাম ক্রিকেটভক্তদের বিনোদন দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। মাঠে ও মাঠের বাইরে আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিতে থাকো।‘
পাঞ্জাবের লাল বাহাদুর শাস্ত্রী অ্যাকাডেমি থেকে প্রিয়াংশের যাত্রা শুরু। সঞ্জয় ভরদ্বাজের ছত্রচ্ছায়ায় ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা। ভোপাল স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরের ওই কোচিং থেকেই সটান আইপিএলে পাঞ্জাবের ক্যাম্পে পা রাখেন মারকুটে ওপেনার। তারপর চার নম্বর ইনিংস খেলতে নেমেই ইতিহাস রচনা। মরশুম শেষ হয়নি। তার আগেই চলতি আইপিএলের অন্যতম উজ্জ্বল ও চর্চিত মুখ হয়ে উঠেছেন প্রিয়াংশ আর্য।