
শেষ আপডেট: 6 December 2023 21:11
দ্য ওয়াল ব্যুরো: একবছর আগে ঠিক এইসময়ে কাতারে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। শিবিরে ছিল সুখের নীড়। বিশ্বসেরা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, এই দলের সেনাপতি হলেন লিওনেল মেসি। তখন ভাবা হয়েছিল, দেশকে কাপ জিতিয়ে অবসর নেবেন ফুটবল রাজপুত্র। কিন্তু কোচ স্কালোনি পুরো বিষয়টি ছেড়েছিলেন মেসির ওপর। আর্জেন্টাইন কোচ বলেছিলেন, লিও মেসি ইচ্ছে করলে পরের বিশ্বকাপেও খেলতে পারে। তাঁকে আমরা সবসময় দলে চাইব। মেসি থাকলে সবদিক থেকে দলের শক্তি বাড়ে।
একবছরের মধ্যে পুরো পরিস্থিতি পালটে যাবে কেউ ভাবতে পারেননি। স্কালোনি ও মেসির মধ্যে ব্যক্তিত্বের সংঘাত শুরু হয়েছে। পরের বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে ব্রাজিলকে মারাকানা স্টেডিয়ামে হারানোর পরেই স্কালোনি বলেছেন, ‘এবার আমার বিশ্রাম নেওয়ার পালা। আর ভাল লাগছে না। কোনও এনার্জি পাচ্ছি না। এমন কাউকে নিয়ে আসা উচিত কোচ হিসেবে, যিনি প্রাণশক্তিতে ভরপুর।’
সেইসময় বোঝা যায়নি স্কালোনির ইঙ্গিত কোনদিকে। আর্জেন্টিনার একটি নামী সংবাদমাধ্যমে লেখা হয়েছে, মেসির জন্যই নাকি কোচের পদ ছেড়ে দিতে চান স্কালোনি। কারণ ব্রাজিল ম্যাচে মেসির নেতৃত্বে পুরো দল মাঠ ছেড়েছিল। সেটি কোচের সঙ্গে কথা না বলেই। তাতেই নাকি স্কালোনির মন বিগড়েছে।
সেদিন মাঠে আর্জেন্টিনার সমর্থকরা মার খেয়েছিলেন। প্রতিবাদে পুরো দল নিয়ে মাঠ ছাড়েন মেসি। সেই নিয়ে কোচের সঙ্গে কথা না বলে মেসি একাই সিদ্ধান্ত নিয়ে নেন। স্কালোনির মনে হয়েছে, দলে তাঁর কোনও ক্ষমতা নেই। ফুটবলাররা তাঁর কথা আগেরমতো আর শুনছেন না!
প্রসঙ্গত, স্কালোনি দলকে বিশ্বসেরা করার পরেই আর্জেন্টিনা ফুটবল সংস্থা ২০২৬ সাল পর্যন্ত স্কালোনির সঙ্গে চুক্তি সারে। কিন্তু শিবিরে যে ভাঙন দেখা গিয়েছে, তাতে সেই পদে তিনি থাকবেন কিনা, সেই নিয়েও জোর জল্পনা শুরু হল।