
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোলের পরে উচ্ছ্বাস ভারতীয় তারকাদের।
শেষ আপডেট: 30 July 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো: গত দুটি ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে অলিম্পিক্স হকিতে জয় ভারতীয় হকি দলের। তারা মঙ্গলবার প্যারিসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে। এই জয়ের ফলে ভারতীয় দল কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে।
ভারতের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তিনি এদিন ম্যাচে দুরন্ত মেজাজে ছিলেন। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে প্রথম গোল করেন দলের নেতা। তার ঠিক আট মিনিট বাদে ফের গোল হরমনপ্রীতের। তিনি দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। ওই পেনাল্টি কর্নার থেকেই গোল করে তিনি জয়ের ব্যবধান বাড়িয়েছেন।
আইরিশদের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল আরও গোল করতে পারত। কিন্তু দলের ফরোয়ার্ডরা আসল কাজ করতে পারেননি। পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়াম, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমস্যায় পড়তে পারে দল। কোচ সবরকমভাবে কৌশল সাজিয়েছিলেন। বিপক্ষ গোলমুখে পৌঁছেও খেই হারিয়ে ফেলেছেন দলের তারকারা। সেটাই ওই ম্যাচগুলিতে সমস্যা হতে পারে।
ভারতীয় দল গ্রুপ শীর্ষে থাকতে পারলে অপেক্ষাকৃত কমজোরি দলের বিরুদ্ধে খেলতে হবে। না হলে শক্তিশালী দলই প্রতিপক্ষ হতে পারে। ভারতের পরের ম্যাচ গতবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিপক্ষে। ওই ম্যাচে জিতলে তারা গ্রুপ শীর্ষে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে। দলের অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, আমাদের ম্যাচে কিছু ভুল হয়েছে, সেগুলি শুধরে মাঠে নামতে হবে পরের ম্যাচগুলিতে।
প্রথম ম্যাচে ভারতীয় দল বিপক্ষ নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল। গত ম্যাচে অবশ্য আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করে। গতবারের টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলকে শেষ চারে যেতে হলে পরের কঠিন লড়াই পেরতে হবে।