
আবরার আহমেদ-বিরাট কোহলি
শেষ আপডেট: 2 March 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক সপ্তাহ আগে তিনি ছিলেন খলনায়ক। সৌজন্যে সোশ্যাল মিডিয়া। সাতদিন কাটতে না কাটতে তাঁরই বন্দনায় মুখর হয়ে উঠল সেই একই সমাজমাধ্যম। আলোচনার কেন্দ্রে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ভারতীয় ওপেনার শুভমান গিলকে আউট করার পর ঔদ্ধত্যপূর্ণ উচ্ছ্বাস দেখিয়ে যিনি বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন।
তবে এবার ঠিক ভিন্ন মেজাজে ধরা দিলেন আবরার। কুর্নিশ জানালেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে। লিখলেন, ‘বিরাট আমার ছেলেবেলার নায়ক। তাঁর থেকে সমাদর পেয়ে আমি কৃতজ্ঞ। ক্রিকেটার হিসেবে শ্রেষ্ঠ তো বটেই। মানুষ হিসেবে হিসেবেও অতুলনীয় নম্র। পাশাপাশি মাঠের বাইরেও বিরাট অনুপ্রেরণার যোগ্য।’
উল্লেখ্য, দুবাইয়ের মাঠে একপেশে লড়াইয়ে পাকিস্তানকে পর্যুদস্ত করে টিম ইন্ডিয়া। আর ওই ম্যাচে পাক ব্রিগেডের একমাত্র আশার আলো ছিলেন আবরার। ১০ ওভারে ২৮ রানের বিনিময়ে নেন এক উইকেট। অসামান্য ডেলিভারিতে আউট করেন ওপেনার শুভমান গিলকে। কিন্তু বলের ধারের চেয়েও খবরে উঠে আসে উচ্ছ্বাস প্রদর্শনের ভার। চোখের ইশারায় শুভমানকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন আবরার। আর তাই নিয়ে সরব হয়ে ওঠে ক্রিকেট মহল। বিশেষ করে ভারতীয় সমর্থকেরা।
তবে ম্যাচ চলাকালীন ক্রিজের অন্য প্রান্তে দাঁড়িয়ে, এমনকী খেলার পরেও আবরারের সুখ্যাতি করেন বিরাট। নিজের এক্স হ্যান্ডেলে তেমনই এক মুহূর্তের ছবি শেয়ার করেছেন পাক স্পিনার৷
Abrar Ahmed's Instagram post for Virat Kohli. ❤️ pic.twitter.com/a2XqVR4kHO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 1, 2025
উল্লেখ্য, আজ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন বিরাট। সপ্তম ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে ৩০০টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।