
শেষ আপডেট: 27 November 2023 17:52
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে তো? রবিবার থেকেই এই প্রশ্নে সরগরম ক্রিকেট মহল। এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি ছিল না ভারত, শেষমেশ 'হাইব্রিড' মডেলে খেলা হয় টুর্নামেন্ট। সংবাদমাধ্যম সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও একই পথ অবলম্বন করা হতে পারে। আরও একটি বিকল্পের কথাও ভাবা হচ্ছে বলে খবর।
২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও পর্যন্ত পাকিস্তানেই অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু রবিবার পাক বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনও আইসিসি কোনও চুক্তি সই করেনি। এই খবর চাউর হতেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে প্রশ্ন উঠে যায়। সোমবার জানা যায়, পাকিস্তানে নাও হতে পারে এই টুর্নামেন্ট।
Pakistan is not hosting the ICC Champions Trophy. [Abhishek Tripathi]
— Johns. (@CricCrazyJohns) November 27, 2023
Dubai is set to host the Champions Trophy or hybrid Model if the Indian Government doesn’t change the stance. pic.twitter.com/xNKhNckbmW
২০২৩ সালের এশিয়া কাপের আগে পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে বিসিসিআই-পিসিবি-র মধ্যে দীর্ঘ টানাপড়েন চলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি ছিল নিরপেক্ষ ভেন্যুতে খেলা হোক এশিয়া কাপ। আয়োজক দেশ হিসেবে পাক বোর্ডের তাতে সায় ছিল না। শেষ পর্যন্ত ঠিক হয় 'হাইব্রিড' মডেলে হবে টুর্নামেন্ট। অর্থাৎ কিছু ম্যাচ হবে পাকিস্তানে, কিছু হবে শ্রীলঙ্কায়। সেইমতো এশিয়া কাপ খেলা হয়।
যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এমন কোনও শর্ত আরোপ করা হোক, সেটা একেবারেই না পছন্দ পাক বোর্ডের। রবিবার পাক বোর্ডের ওই কর্তা সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে। সদ্যসমাপ্ত বিশ্বকাপের সময়ই আমদাবাদে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চুক্তির ব্যাপারে আইসিসি কার্যনির্বাহী বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ এবং সিওও সালমান নাসিরের।
তিনি আরও দাবি করেন, যদি ভারত ফের নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে আসতে রাজি না থাকে, তবে আইসিসি যেন পাক ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দেয়। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বিচার করে বলাই যায়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে যেতে দিতে রাজি হবে না ভারত সরকার।
এমন পরিস্থিতি তৈরি হলে কী হতে পারে সেই আলোচনার মধ্যেই শোনা যাচ্ছে পাকিস্তান থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে। হয় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হবে, নয়তো দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।