ভারতীয় ট্যাক্সিচালককে ডিনার করালেন পাঁচ পাক ক্রিকেটার! সৌজন্যের গল্প শুনে মুগ্ধ নেট-দুনিয়া
দ্য ওয়াল ব্যুরো: তারা পরস্পরের শত্রুদেশ। তাদের ভিতরের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নিত্য শোরগোল মিডিয়ায়। কিন্তু তৃতীয় কোনও দেশের মাটিতে সেই দুই দেশের মানুষই যে কেমন উষ্ণতা বিনিময় করে নেয়, তারই দুর্দান্ত উদাহরণ হয়ে উঠল সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রি
শেষ আপডেট: 25 November 2019 10:57
দ্য ওয়াল ব্যুরো: তারা পরস্পরের শত্রুদেশ। তাদের ভিতরের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নিত্য শোরগোল মিডিয়ায়। কিন্তু তৃতীয় কোনও দেশের মাটিতে সেই দুই দেশের মানুষই যে কেমন উষ্ণতা বিনিময় করে নেয়, তারই দুর্দান্ত উদাহরণ হয়ে উঠল সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের মাটিতে ঘটে যাওয়া একটি ঘটনা। এক ভারতীয় ট্যাক্সিচালককে নৈশভোজ করালেন পাঁচ পাকিস্তানি ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জেনে মুগ্ধ সকলে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ইনিংসে হেরেছে পাকিস্তান। এরই মধ্যে এক দিন ব্রিসবেনের গাবা স্টেডিয়ামে খেলা শেষে, পাকিস্তান ক্রিকেট দলের পাঁচ খেলোয়াড় বেরিয়েছিলেন নৈশভোজ করতে যাবেন বলে। ভারতীয় এক ট্যাক্সিচালকের গাড়িতে ওঠেন তাঁরা। পৌঁছে যান একটি ভারতীয় রেস্তরাঁয়। কিন্তু তার পরেই অবাক করেন চালক। জানান, তিনি ভাড়া নেবেন না। ক্রিকেটারদের তাঁর গাড়িতে চড়াতে পেরে খুব খুশি তিনি।
খুশি হন পাকিস্তানের পাঁচ ক্রিকেটারও। পড়শি দেশের শত্রুতা পেরিয়ে অনন্য এক সৌজন্যের সম্মুখীন হন তাঁরা। এর পরেই শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ ওই ভারতীয় চালককে প্রস্তাব দেন, তাঁদের সঙ্গে খেতে যাওয়ার। একসঙ্গেই ডিনার সারেন তাঁরা।
পাকিস্তানি ক্রিকেটারদের এই অপূর্ব অভিজ্ঞতার কথা রেডিওয় সম্প্রচার করেন ধারাভাষ্যকার অ্যালিসন মিশেল। জানান, ভারতীয় ট্যাক্সি ড্রাইভারের এই সৌজন্য এবং তার উত্তরে পাকিস্তানি ক্রিকেটারদের এই উষ্ণতা ঠিক কতটা তৃপ্ত করেছিল তাঁদের। ওই একই ট্যাক্সিতে পরে চড়ার সুযোগ হয় অ্যালিসনের। তখনই কথায় কথায় এই ঘটনার কথা জানতে পারেন তিনি। ঠিক করেন, এই অপূর্ব সুন্দর ঘটনাটির কথা জানিয়ে দেবেন সকলকে। তাই পরের দিন কমেন্ট্রি চলাকালীন এই গল্প করেন তিনি।
অ্যালিসনের এই গল্প করার ভিডিওই পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। অচিরেই ভাইরাল হয়ে যায় সেটি। মুগ্ধতা প্রকাশ করেন সকলেই। মানবিক সৌজন্যের জয়জয়কার জানান। শুনুন সেই গল্প।
https://twitter.com/abcgrandstand/status/1198442285509357570