
শেষ আপডেট: 19 March 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: মাঠে সেরা পারফরম্যান্স করার পরে সাজঘরে ফিরে সংযম হারালেন তারকা ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেটেই এমনটা মনে হয় সম্ভব। পাক সুপার লিগের ফাইনাল ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ড্রেসিংরুমে ফিরে সিগারেটে সুখটান দিলেন ইমাদ ওয়াসিম।
পিসিএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন ইমাদ। বিরুদ্ধে দল ছিল মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস। বিপক্ষ দলকে একাই শেষ করে দেওয়ার পরে ইমাদের এমন ঔদ্ধত্যমূলক আচরণকে কেউই মানতে পারছেন না।
এর আগে ক্রিকেট মাঠে শ্যেন ওয়ার্ন একইভাবে সিগারেট খেতেন। তাঁকে নিষেধ করেও কাজ হয়নি। ইমাদ সেদিক থেকে অনেক জুনিয়র, তারপরেও শৃঙ্খলার সীমা লঙ্ঘন করে তিনি বিতর্কে।
সোমবার ইমাদের যে ছবি ভাইরাল হয়েছে, তা মুলতানের ইনিংসের ১৮তম ওভারের। ১৭.৪ ওভারে ১২৭ রানে নয় উইকেট হারিয়ে ধুঁকছিল মুলতান। আর ড্রেসিংরুমে বসে সিগারেটে টান দিচ্ছিলেন ইসলামাবাদের তারকা। যিনি পিএসএল ফাইনালে চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তাঁর সেই দুরন্ত বোলিংয়ের সুবাদেই ফাইনালে নয় উইকেটে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি মুলতান।
ম্যাচে ইমাদ শুরু করেছিলেন দুরন্তভাবে। তিনি হ্যাটট্রিকও করতে পারতেন। কিন্তু প্রতিপক্ষ দলের অনামী ব্যাটার কোনওক্রমে পতন রোধ করলেও ইমাদের দলই জিতে যায় সবশেষে।