
শেষ আপডেট: 12 January 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: মনোজ প্রভাকর এখনও ব্রাত্য ভারতীয় ক্রিকেট থেকে। যিনি বলে বলে একটা সময় রিভার্স সুইং দিতেন। যিনি বাতাসে সুইং করাতেন। দেশের ক্রিকেটকে সেবা করার পরেও প্রাক্তন পেসারের নামে গড়াপেটার অভিযোগ উঠেছিল।
সেই অভিযোগ নিয়েই ২৫ বছর কাটিয়ে দিলেন দিল্লি নিবাসী ক্রিকেটার। শুক্রবার সিঙ্গুরে স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজির থেকে প্রভাকর হাহুতাশ করে উঠেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, আমি তো চাই আমার অভিজ্ঞতা কোনও দলের ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দিতে। কিন্তু আমাকে কেউ ডাকে না।
আইপিএলের বাজারে দেশের অধিকাংশ ক্রিকেটাররা কোনও না কোনও দলের সঙ্গে যুক্ত। কিন্তু সেইভাবে সুযোগ পাননি প্রভাকর ও মদনলাল। এদিন এই অনুষ্ঠানে দুই প্রাক্তন ক্রিকেটার ছাড়াও বাংলার রঞ্জি জয়ী প্রাক্তন তারকা সম্বরণ বন্দ্যোপাধ্যায়। এমনকী ফুটবলারদের মধ্যে ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়রা।
ভারতীয় দলের প্রশংসাও করেছেন মদনলাল ও প্রভাকর। তাঁরা জানান, ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। এই দলে সব মশলা রয়েছে। দলের অধিনায়ককে আরও দায়িত্ব নিতে হবে। একজন ভাল অধিনায়কই পারে লেগস্পিনার ও অলরাউন্ডার বানাতে। আমাদের সময়ে গাভাসকার এটা করে গিয়েছে, রোহিতকে সেই দায়িত্ব আরও ভালভাবে পালন করতে হবে।