
শেষ আপডেট: 1 November 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ক্রিকেটে চারটি ম্যাচে আতশবাজির প্রদর্শনী করা যাবে না। বুধবার এই বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, দিল্লি ও মুম্বইতে মোট চারটি ম্যাচে আতশবাজির প্রদর্শনী করা যাবে না।
এবার আতশবাজির প্রদর্শনীর ক্ষেত্রে লখনউ দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা যেভাবে স্টেডিয়ামের ছাদ থেকে আলোর ফোয়ারায় চারদিক উজ্জ্বল করে দিচ্ছে, সেটি বাকি মাঠে দেখা যাচ্ছে না।
এমনিতেই মুম্বই ও দিল্লিতে দূষণের মাত্রা এতটাই বেশি যে, বোর্ড সেই কারণেই আতশবাজির প্রদর্শনীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। লখনউ থেকে মুম্বই আসার পথে ভারত অধিনায়ক রোহিত শর্মা বিমান থেকে একটি ছবি তুলেছে, তাতে দেখা গিয়েছে, পুরো পরিবেশ ধোঁয়ায় ভরা।
একটা সময় দিল্লিতে এরকম দূষণের মাত্রা দেখা গিয়েছে। এবার মুম্বইতেও একই দৃশ্য। রোহিত নিজের স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এটা কী হয়েছে মুম্বইয়ের!’
এবার বোর্ডও জানিয়ে দিয়েছে, এই দুটি শহরে যে চারটি ম্যাচ রয়েছে, তাতে আতশবাজির প্রদর্শনী করে নতুন করে আর দূষণ বাড়াবে না। মুম্বইতে বৃহস্পতিবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। বাকি আরও দুটি ম্যাচ থাকবে। এমনকী বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচও রয়েছে মুম্বইতে। সেই ম্যাচেও এমন ঢক্কানিনাদ দেখা যাবে না। দিল্লিতে রয়েছে একটি ম্যাচ বাংলাদেশ ও শ্রীলঙ্কার, সেই খেলাতেও আলোর ফোয়ারা দেখা যাবে না স্টেডিয়ামে।