দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের জন্য ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী পোঁছে গিয়েছে বেশিরভাগ দল। পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। শুক্রবার দুবাই পৌঁছেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বেঙ্গালুরুরও অধিনায়ক তিনি। দুবাই পৌঁছেই নিজের ফ্যানদের সেই বার্তা দিয়েছেন বিরাট।
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন বিরাট।ক্যাপশনে তিনি বলেছেন “হেলো দুবাই।” এর আগে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে ক্রিকেটারদের দুবাইয়ে পৌঁছনোর ছবি শেয়ার করা হয়। সেখানে বিরাটকে দেখা না যাওয়ায় ফ্যানেরা প্রশ্ন করছিলেন তিনি কোথায়। এবার বিরাট নিজেই ছবি দিয়ে জানালেন তিনি দুবাই পৌঁছে গিয়েছেন। দেখে মনে হচ্ছে দলের সঙ্গে না গিয়ে আলাদা ভাবে গিয়ে পরে সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোহলি।
https://www.instagram.com/p/CEJ4y5ulQc3/?igshid=awwh9mg2ak2d
বিরাটের ছবি দিয়ে সমর্থকদের জন্য টুইট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। সেখানে লেখা হয়েছে, “আপনারা সবাই জিজ্ঞাসা করছিলেন। এই দেখুন। ক্যাপ্টেন কোহলি পৌঁছে গিয়েছেন।”
https://twitter.com/RCBTweets/status/1296818838202286082?s=19
আইপিএলের আগে বিরাটকে বেশ কিছুদিন ধরে নিজেকে তৈরি করতে দেখা গিয়েছে। এমনিতেই করোনা আবহে ক্রিকেট বন্ধ থাকায় বাড়িতেই শরীরচর্চা করতেন ক্রিকেটাররা। তারপর ধীরে ধীরে মাঠে অনুশীলন করেছেন অনেকে। তবে একা একাই প্র্যাকটিসে দেখা গিয়েছে তারকাদের। বিরাটও নিজের মতো করে ঘাম ঝরিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এত সাফল্য থাকলেও এখনও আইপিএল ট্রফি অধরা বিরাটের। দু’বার ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি। তার মধ্যে গত বছর শেষে ছিল দল। তাই এবার ভাল কিছু করতে মরিয়া বিরাট। এবার আবু ধাবি, দুবাই ও শারজা, এই তিনটি মাঠেই সব খেলা হবে। তার মানে হোম গ্রাউন্ডের সেরকম সুবিধা কেউ পাবে না। তার উপর এবার দল অনেকটা গুছিয়েছে আরসিবি। বিশেষ করে দলের বোলিং ব্রিগেডকে শক্তিশালী করা হয়েছে। তার ফলে এবার ভাল পারফরম্যান্স করতে মরিয়া বিরাট। এতদিন মাঠের বাইরে থাকায় খেলার খিদে পুষিয়ে নিতে চান কোহলি। শরীরী ভাষায় সেটাই প্রকাশ পাচ্ছে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। চলবে ৫৩ দিন। ১০ নভেম্বর হবে ফাইনাল। অগস্ট মাসেই সব দলের আমিরশাহীতে পৌঁছে যাওয়ার কথা। সেখানে যাওয়ার পরে বায়ো বাবলের মধ্যে সাতদিন থাকতে হবে ক্রিকেটারদের। তার মাঝে চারবার নমুনা পরীক্ষা হবে তাঁদের। চারবার রিপোর্ট নেগেটিভ আসার পরেই অনুশীলন করার সুযোগ পাবেন তাঁরা। তাই একটু আগে সবাই পৌঁছে যেতে চাইছেন সেখানে। একে একে দেশ ছাড়ছে ফ্র্যাঞ্চাইজিরা। দুবাই পোঁছে গেলেন বিরাটও।