দ্য ওয়াল ব্যুরো: এতদিন তাঁর বিচরণের জায়গা ছিল ট্র্যাক অ্যান্ড ফিল্ড। সেই দুনিয়াকে বিদায় জানিয়ে এ বার ফুটবলের মাঠে নেমেছেন তিনি। উসেইন বোল্ট। এতদিন যাঁর গতির কাছে হার নেমেছে বিশ্ব, এ বার পেশাদার ফুটবলে তাঁর স্কিলের কাছে হার মানলেন ডিফেন্ডাররা।
ফুটবল দুনিয়া অভিষেকটা বেশ কয়েকদিন হয়েছে৷ তবে গোল পাচ্ছিলেন না। ফ্যানেরা তাই স্ট্রাইকার হিসেবে নয়, বরং ডিফেন্সের মুখ হিসেবে বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্টকে দেখতে চেয়েছিল৷ কিন্তু শুক্রবার বোল্ট যেটা করলেন এরপর অনুরাগীরা তাঁকে স্ট্রাইকার হিসেবে দেখতে চাওয়ার আশা রাখতেই পারেন৷
অবশেষে পেশাদার ফুটবলে গোলের খাতা খুললেন উসেইন বোল্ট৷ শুক্রবার মার্কারথার সাউথ ওয়েস্টের বিরুদ্ধে প্রীতি ম্যাচে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে জোড়া গোল করেন বোল্ট৷ ম্যাচের তৃতীয় ও চতুর্থ গোলটি বিশ্বের দ্রুততম মানবের৷ ৫৫ মিনিটে বাঁ দিকে বল পেয়ে বিপক্ষের বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের জোরালো শটে গোলকিপারের ডানদিক দিয়ে জাল কাঁপান বোল্ট৷ গোলের পর সেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মতোই ড্যাব ডান্সের কায়দায় সেলিব্রেট করতে দেখা গেল বোল্টকে।
https://twitter.com/CCMariners/status/1050687019502862338
দ্বিতীয় গোলটা অবশ্য পেলেন গোলকিপার ও ডিফেন্ডারের ভুলে। ৬৮ মিনিটের মাথায় গোলকিপার ও ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন বিদ্যুৎ মানব। দ্বিতীয় গোলের পর অবশ্য বোল্টকে একটু অন্য কায়দায় নাচের ভঙ্গিমায় সেলিব্রেট করতে দেখা গেল। এ দিনের পারফরম্যান্সের পর বোল্ট বুঝিয়ে দিলেন ফুটবলের মাঠেও নিজের ছাপ রাখতে এসেছেন তিনি।
https://twitter.com/CCMariners/status/1050689657686581248