মোহনবাগানের কমিটিতে রদবদল, নতুন সভাপতি টুটু বসু
দ্য ওয়াল ব্যুরো: ডার্বির পরের দিনই রদবদল হল মোহনবাগানের পরিচালন কমিটিতে। প্রয়াত সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়ের জায়গায় নতুন সভাপতি হচ্ছেন বাগান সচিব টুটু বসু। তাঁর জায়গায় নতুন সচিব হচ্ছেন তাঁরই ছেলে তথা মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বসু।
সোমবার
শেষ আপডেট: 20 January 2020 13:40
দ্য ওয়াল ব্যুরো: ডার্বির পরের দিনই রদবদল হল মোহনবাগানের পরিচালন কমিটিতে। প্রয়াত সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়ের জায়গায় নতুন সভাপতি হচ্ছেন বাগান সচিব টুটু বসু। তাঁর জায়গায় নতুন সচিব হচ্ছেন তাঁরই ছেলে তথা মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বসু।
সোমবার মোহনবাগানের পরিচালন কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বাগানের অর্থ-সচিব দেবাশিস দত্ত। তিনি জানান, গীতানাথবাবু মারা যাওয়ার পর থেকেই ক্লাব সভাপতির পদটি ফাঁকা পড়েছিল। পরিচালন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, টুটুবাবুকেই নতুন সভাপতি ঘোষণা করা হবে। তিনি সভাপতি হওয়ায় প্রায় সবকটি পদেই বদল হয়েছে।

সৃঞ্জয় বসু সচিব হওয়ায় তাঁর জায়গায় সহ-সচিব হয়েছেন বাগানের ঘরের ছেলে তথা কোষাধ্যক্ষ সত্যজিৎ চট্টোপাধ্যায়। বাগানের নতুন কোষাধক্ষ হচ্ছেন মাঠ সচিব উত্তম সাহা। নতুন মাঠ সচিব হচ্ছেন হকি সচিব মহেশ টেকরিওয়াল। মহেশবাবুর জায়গায় নতুন হকি সচিব হচ্ছেন সঞ্জীবন বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাগানের প্রাক্তন কর্তা অঞ্জন মিত্রর মেয়ে সোহিনী মিত্র চৌবেকে ক্লাবের পরিচালন কমিটিতে স্থায়ী সদস্য হিসেবে জায়গা দেওয়া হবে। বৈঠক শেষে সৃঞ্জয় বসু জানিয়েছেন, মোহনবাগানের মতো ক্লাবের সচিব হতে পেরে তিনি গর্বিত। কিন্তু বাবা টুটু বসুর চেয়ারে তিনি বসবেন না। সেই চেয়ারটি একই রকম থাকবে। এতদিন যে চেয়ারে তিনি বসতেন সেখানে বসেই সচিবের কাজ করবেন।