১৩তম আয়োজন। বিনোদনের ক্রিকেট। রংবাহারি ক্রিকেট। সমানে খেলার ভোলবদল চলবে। শেষ বল পর্যন্ত উন্মাদনা। হওয়ার কথাই ছিল না, করোনা আবহে ভাবা গিয়েছিল আইপিএল হবেই না। তারপর টোয়েন্টি ২০ ক্রিকেট বাতিল হতেই বিসিসিআই জানিয়ে দিল হবে টুর্নামেন্ট, কিন্তু ভারতে নয়, মরুশহরে।
সব দলই আতঙ্কে। ভাইরাস কোথায় কখন থাবা মারে কেউ জানে না। কিন্তু তা বললে খেলা তো হবেই, দলগুলির আয়োজনও সারা। এবার কে কেমন দল করল, সেই নিয়েই প্রতিবেদন। আজ আলোচনায় কিংস ইলেভেন পঞ্জাব।
দ্য ওয়াল ব্যুরো : এই দলটি নামে যত ভারী, কাজে ততটা নয়। না হলে এতবার আইপিএলে মাত্র দু'বার তারা নকআউট পর্যায়ে যেতে পেরেছে। ২০১৪ সালে তারা ফাইনালেও গিয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি কেকেআর জিতে যাওয়ায়। এবার অবশ্য তারা নিলামে ভালই দল গড়েছে কিংস ইলেভেন পঞ্জাব।
তাদের দলে আগে থেকেই ছিল লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, মনদীপ সিং, নিকোলাস পুরান, সরফরাজ খান, মুরুগান অশ্বিন, মুজিব উর রহমান, কে গৌতম, জে সুচিত, হরপ্রিত ব্রার, মহম্মদ শামি, হারদুস ভিলজোয়েন, অক্ষরদীপ সিংহ, দর্শন নলকাণ্ডে।
নিলামে নেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল (১০.৭৫ কোটি টাকা), শেলডন কট্রেল (৮.৫ কোটি টাকা), রবি বিষ্ণোই (২ কোটি টাকা), প্রভসিমরন সিংহ (৫৫ লক্ষ টাকা), দীপক হুডা (৫০ লক্ষ টাকা), জেমস নিশাম (৫০ লক্ষ টাকা), ঈশান পোড়েল (২০ লক্ষ টাকা), ক্রিস জর্ডন (৭৫ লক্ষ টাকা), তাজিন্দার ধিলোঁদের (২০ লক্ষ টাকা)।
এই দলটির শক্তি বলতে ওপেনিং জুটি। লোকেশ ও গেইল যদি দাঁড়িয়ে যান, তা হলে বিপক্ষ দলের কপালে চিন্তা রয়েছে। নিকোলাস পুরান ও মায়াঙ্ক আগরওয়ালও ছন্দে থেকে শুরু করবেন। তাঁরাও দলের বড় ভরসা। এবার তার মধ্যে ম্যাক্সওয়েল, নিশাম ও ক্রিস জর্ডন যোগ দেওয়ায় প্রীতি জিন্টার দল আরও ভাল।
দলের দুর্বলতা বলতে তরুণ ক্রিকেটারদের মধ্যে গা ছাড়া ভাব। দলের মহাতারকারা ব্যর্থ হলে বাকিরা কী ভাবে দলকে নিয়ে যাবে, সেই নিয়ে বিস্তর চিন্তা মালকিনের। করুণ নায়ার, মনদীপ সিং, দীপক হুডারা খেলতে পারলে চিন্তা থাকবে না দলের নামী তারকা লোকেশ রাহুলের। দলের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। তিনি এবার আরও তরতাজা। এমনকি বাংলা থেকে আরও এক পেসার চন্দননগরের ঈশান পোড়েলও সুযোগ পাবেন, তাঁকেও সেই সুযোগ কাজে লাগাতে হবে।
দলের মধ্যে সিনিয়র ও জুনিয়রদের একটা ভারসাম্য রয়েছে, সেটিকে সুন্দরভাবে কাজে লাগাতে পারলে ভাল। গতবার ছিলেন অভিজ্ঞ স্পিনার অশ্বিন, তিনি তাও দলের মধ্যে লড়াইয়ের মন্ত্র বপন করেছিলেন, এবার সেই দায়িত্বটাই কাউকে নিতে হবে।
কিংস ইলেভেন পাঞ্জাব : লোকেশ রাহুল (অধিঃ), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, সরফরাজ খান, মনদীপ সিং, শেলডন কটরেল, ঈশান পোড়েল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, মুজিবর রহমান, আরসদীপ সিং, হারদুস ভিলজোয়েন, এম অশ্বিন, হরপ্রিৎ বার, দর্শণ নালকান্ডে, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস নিশাম, ক্রিস জর্ডন, কৃষ্ণাপ্পা গোথাম, দীপক হুডা, তাজিন্দার সিং ধিঁলো, নিকোলাস পুরান, প্রভাসিরম সিং।