দ্য ওয়াল ব্যুরো: একজন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফেলেছেন তিনি। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য। ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন শুবমান গিল। অন্যজন আবার ভারতীয়দের ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ তেণ্ডুলকরের কন্যা সারা তেণ্ডুলকর। বহুদিন ধরেই শুবমান ও সারার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সম্পর্কে নতুন ইঙ্গিত দেখা দিল।
সম্প্রতি ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন সারা ও শুবমান। সারা নিজের দুটি ছবি শেয়ার করেছেন। অন্যদিকে শুবমান আবার নিজের সানগ্লাস পরা একটা স্টাইলিশ ছবি শেয়ার করেছেন। কিন্তু সবার চোখ পড়েছে দু’জনের ছবির ক্যাপশনে। দু’জনেই ক্যাপশনে লিখেছেন, ‘আই স্পাই’। তারপর দুটি চোখের ইমোজি দিয়েছেন। এই কথার অর্থ হল ‘আমি নজর রাখছি’।
https://www.instagram.com/p/CDOm4kYgBhk/?igshid=17v658tf391kb
https://www.instagram.com/p/CDOm4sXpXnF/?igshid=nyafz75wbx8t
দু’জনের এই একই ক্যাপশন দেওয়ার পরে শুরু হয়েছে গুঞ্জন। সবাই বলছেন, একই ক্যাপশন দিয়ে কি তবে সবার সামনে পরোক্ষে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিলেন শুবমান ও সারা। নয়তো নজর রাখা বলতে ঠিক কী বোঝাতে চাইলেন দু’জনে। তাঁরা কি একে অন্যের উপর নজর রাখছেন বলতে চাইলেন। এই গুঞ্জনই চলছে। এই বিষয়ে অবশ্য তাঁদের মধ্যে কেউই মুখ খোলেননি।
এই ছবি শেয়ার করার পরে সোশ্যাল মিডিয়াতেও চলছে আলোড়ন। তাঁদের অনুরাগীদের কেউ বলছেন, তাঁরাও দু’জনের দিকে নজর রাখছেন। কেউ আবার মজা করে বলেছেন শচীনও তাঁদের দিকে নজর রাখছেন। একটু বেগতিক দেখলেই ব্যবস্থা নেবেন তিনি। ইতিমধ্যেই এই বিষয়ে শুরু হয়েছে একাধিক মজার মজার মিম।
এর আগেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে নজরে এসেছেন শুবমান ও সারা। গত বছর আইপিএলের পরে একটি রেঞ্জ রোভার কিনেছিলেন শুবমান। নিজেকেই সেই গাড়ি উপহার দিয়েছিলেন তিনি। গাড়ির পাশে দাঁড়িয়ে একটি ছবিও তুলেছিলেন তিনি। সেই ছবির কমেন্টে সারা লিখেছিলেন ‘শুভেচ্ছা’। তার জবাবে শুবমান লেখেন ‘ধন্যবাদ’। তারপরে একটি হার্ট সাইনও জুড়ে দেন তিনি। যদিও সেই ছবিতে এসে শুবমানকে নিয়ে মজা করতে শুরু করেন হার্দিক পান্ডিয়া। তিনিই সারার হয়ে কমেন্ট করে দেন, ‘মোস্ট ওয়েলকাম ফ্রম হার।’ সেই থেকেই শুবমান ও সারার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। দু’জনের সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে সেই গুঞ্জন আরও বাড়ল।