দ্য ওয়াল ব্যুরো: সময়টা ভাল যাচ্ছে না ভারতীয় পেসার শার্দূল ঠাকুরের। এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে চার ওভার বল করেই চোট পেয়েছিলেন। তারপর চোট সারিয়ে ফেরেন টেস্ট দলে। মহম্মদ সামির বদলে দলে নেওয়া হয় তাঁকে। হায়দ্রাবাদে অনুষ্ঠিত ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টই ছিল তাঁর অভিষেক টেস্ট। কিন্তু এ বারেও সেই একই ঘটনা। পুরনো জায়গায় ব্যথা অনুভব করায় উঠে যেতে হলো মাঠ থেকে।
এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। পাঁচ বোলার নিয়ে দল সাজিয়েছিল টিম ইন্ডিয়া, শার্দূলের চোটের পর এখন বাড়তি দায়িত্ব পেসার উমেশ যাদব, এবং তিন স্পিনার অশ্বিন, জাদেজা এবং কুলদীপের উপর।
১০ বল করার পরই খোঁড়াতে থাকেন শার্দূল। বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। বিসিসিআই টুইট করে জানিয়েছে, শার্দূলের আঘাতের জায়গা স্ক্যান করা হবে। স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরই টিম ম্যানেজমেন্ট শার্দূলকে নিয়ে সিদ্ধান্ত নেবে।