দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। একই দিনে সোনা ও ব্রোঞ্জের পর এ বার রুপো এল শুটিংয়ে। ৫০ মিটার থ্রি পজিশিন রাইফেল ইভেন্টে রুপো জিতলেন ভারতের সঞ্জীব রাজপুত।
৩৭ বছরের শুটার সঞ্জীব এ দিনের ইভেন্টে স্কোর করেন ৪৫২.৭। ৪৫৩.৩ পয়েন্ট করে সোনা জেতেন চিনের হুই জিচেং। সঞ্জীবের আগে এ দিন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে এশিয়ান গেমসের ইতিহাসে রেকর্ড গড়ে সোনা জেতেন ১৬ বছরের সৌরভ চৌধরি। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পান আরেক ভারতীয় অভিষেক বর্মা। এই নিয়ে মঙ্গলবার জাকার্তায় ইতিমধ্যেই তিনটি পদক নিশ্চিত করল ভারত। তিনদিনে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল আট। তারমধ্যে শুটিং থেকেই ভারতের পদক এল ছয়।
এশিয়ান গেমসের প্রথম দিনে ফ্রি স্টাইল কুস্তিতে ৬৫ কেজি বিভাগে সোনা জেতেন ভারতের বজরঙ্গ পুনিয়া। ফাইনাল রাউন্ডে প্রতিপক্ষ কুস্তিগির জাপানের তাকাতানি দাইচিকে ১১-৮ পয়েন্টে হারান হরিয়ানার এই কুস্তিগীর। পরদিন ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ৫০ কেজি বিভাগে সোনা জেতেন হরিয়ানারই ভিনেশ ফোগাত।
এ ছাড়াও ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে সিলভার মেডেল জিতে নিয়েছেন দীপক কুমার। পুরুষদের ট্র্যাপ শ্যুটিংয়ে ভারতের হয়ে সিলভার মেডেল জেতেন লক্ষ্য কুমার। ভারতের হয়ে সর্বপ্রথম মেডেলও আসে শুটিং থেকেই। ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অপূর্বী চাণ্ডেলা ও রবি কুমারের জুটি৷