অকল্যান্ডে নতুন মাইলস্টোন, টি টোয়েন্টিতে রানের মগডালে রোহিত
দ্য ওয়াল ব্যুরো : অকল্যান্ডে জিতে টি টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। সেইসঙ্গে অকল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের অধিকারী হলেন রোহিত। টপকালেন নিউজিল্যান্ডেরই মার্টি
শেষ আপডেট: 8 February 2019 12:46
দ্য ওয়াল ব্যুরো : অকল্যান্ডে জিতে টি টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। সেইসঙ্গে অকল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের অধিকারী হলেন রোহিত। টপকালেন নিউজিল্যান্ডেরই মার্টিন গাপটিলকে।
এই সিরিজে চোটের কারণে খেলছেন না কিউয়ি ওপেনার গাপটিল। সেই সুযোগটা ভালোভাবেই নিলেন রোহিত। প্রথম টি টোয়েন্টিতে ব্যাটে রান আসেনি। কিন্তু এ দিন অধিনায়কের দায়িত্ব পালন করলেন। ২৮ বলে ৫০ রানের এক ঝকঝকে ইনিংস বেরিয়ে এল তাঁর ব্যাট থেকে। ভারতের জয়ের ভিত তৈরি করে দিলেন তিনি, শিখর ধাওয়ানকে সঙ্গি করে।
আর এ দিনের ৫০ রানের পর টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান হয়ে গেল তাঁর। ৮৪ ইনিংসে ২২৮৮ রান করেছেন রোহিত। এই রেকর্ড এতদিন ছিল গাপটিলের দখলে। ৭৪ ইনিংসে গাপটিলের রান ২২৭২। তিন নম্বরে রয়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক। ১০৪ ইনিংসে তাঁর রান ২২৬৩। ৬৫ ইনিংসে ২১৬৭ রান করে চার নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
শুধুমাত্র সবথেকে বেশি রান করাই নয়, সবথেকে বেশি হাফসেঞ্চুরির রেকর্ডও গড়লেন রোহিত। এ দিনের হাফসেঞ্চুরির পর টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ২০। টপকে গেলেন বিরাটকে। বিরাটের হাফসেঞ্চুরির সংখ্যা ১৯। টি টোয়েন্টিতে সবথেকে বেশি সেঞ্চুরিও ( ৪টি ) রোহিতেরই দখলে রয়েছে।
রান ছাড়াও এ দিন আরও একটি রেকর্ড গড়লেন রোহিত। টি টোয়েন্টিতে ১০০ ছক্কা মারা বিশ্বের তৃতীয় ও প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেন তিনি। এই মুহূর্তে ১০২টি ছক্কা মেরেছেন তিনি। তাঁর থেকে বেশি ছক্কা মেরেছেন দুজন ক্রিকেটার। গাপটিল ও ক্রিস গেইল। দুজনেই মেরেছেন ১০৩টি করে ছক্কা। অর্থাৎ হ্যামিলটনে ২টো ছয় মারলেই এই নিরিখেও এক নম্বরে চলে আসবেন হিটম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৪৯টি ছক্কা মেরেছেন রোহিত। টপকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয় মারার তালিকায় তাঁর নাম চার নম্বরে। এক নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক 'বুমবুম' আফ্রিদি। তাঁর ছক্কার সংখ্যা ৪৭৬। দুয়ে আছেন ব্র্যন্ডন ম্যাককুলাম। তিনি ৩৯৮টি ছয় মেরেছেন। ৩৫২টি ছয় মেরে তিনে রয়েছেন জয়সূর্য।