দ্য ওয়াল ব্যুরো: সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, সবাই প্রশ্ন তুলছেন ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে। বিশেষ করে ধোনির সাত নম্বরে ব্যাট করতে নামা নিয়ে। আর এই বিষয়ে মুখ খুললেন ভারতের কোচ রবি শাস্ত্রী। বললেন, ধোনিকে আগে পাঠালে সেটা ক্রিমিন্যাল অফেন্স হতো।
বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাওয়ার পরেও এই মুহূর্তে ম্যাঞ্চেস্টারেই রয়েছে টিম ইন্ডিয়া। সেখানেই এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত তিনি ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গর একসঙ্গে নিয়েছিলেন। তিনি বলেন, "ধোনিকে বিশ্বের সেরা ফিনিশার বলা হয়। ও আগে বারবার সেটা প্রমাণও করেছে। আর তাই সেমিফাইনালে আমরা চেয়েছিলাম, যাতে শেষে ধোনি থাকতে পারে। টেলএন্ডারদের সঙ্গে নিয়ে ওর থেকে ভালো কেউ খেলতে পারে না। তাই ধোনিকে সাত নম্বরে নামানো হয়েছিল। ওকে আগে ব্যাট করতে পাঠালে সেটা ক্রিমিন্যাল অফেন্স হতো।"
তবে রবি শাস্ত্রীর এই মন্তব্যের পরে শুরু হয়েছে সমালোচনা। সমর্থকরা তুলে আনছেন ধোনির পুরনো খেলার উদাহরণ। হতে পারে মাহি বিশ্বের সেরা ফিনিশার, কিন্তু ধোনির বেশিরভাগ বড় ইনিংসই কিন্তু আগে ব্যাট করতে নেমে। এমনকী ২০১১ বিশ্বকাপের ফাইনালেও আগে ব্যাট করতে নেমে দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। আর এই দলে ধোনির থেকে অভিজ্ঞ ব্যাটসম্যান তো কেউ নেই। তাই আগে নামলে ঋষভ পন্থ, হার্দিক পান্ড্যদের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে পারতেন তিনি।
সেমিফাইনালে এই হারের পরে শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন ক্রিকেটাররাও ধোনির এই সাত নম্বরে ব্যাট করতে নামাকেই হারের প্রধান কারণ বলে তুলে এনেছেন। তাঁদের বক্তব্য, দলের সবথেকে অভিজ্ঞ ব্যাটসম্যানকে না পাঠিয়ে যদি তরুণদের আগে পাঠানো হয়, তাহলে যা হওয়ার তাই হয়েছে। গোটা দেশ তাঁদের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। কিন্তু হারের পরেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলেন না শাস্ত্রীরা। প্রশ্ন উঠছে, এই ইগোর জন্যই কি হারতে হলো ভারতকে।