দ্য ওয়াল ব্যুরো: বিসিসিআই জানিয়েছিল ২০ অগস্টের আগে কেউ সংযুক্ত আরব আমিরশাহী রওনা হতে পারবেন না। সেইমতো ২০ অগস্ট থেকেই দেশ ছাড়তে শুরু করল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। সবার আগে আমিরশাহী উড়ে গিয়েছে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব। গিয়েছে রাজস্থান রয়্যালসও। পিপিই কিট পরেই দেশ ছাড়তে দেখা গেল রয়্যালসের ক্রিকেটারদের।
এদিন জয়পুর থেকে বিমান ধরতে দেখা যায় রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের। সবাই একটা বাসে করে বিমানবন্দরে এসেছিলেন। ভারতীয় ক্রিকেটাররাই উড়ে গেলেন এদিন। প্রাক্তন নাইট তারকা রবিন উথাপ্পাও ছিলেন তাঁদের মধ্যে। এবার উথাপ্পাকে কিনেছে রয়্যালস। সব ক্রিকেটারদের দেখা যায় পিপিই কিট পরে সবরকমের সতর্কতা নিয়ে রওনা হয়েছেন।
আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি জিতেছিল রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্নের সেই দল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে অবশ্য বাকি ১১ বছরে একবারও ফাইনালে উঠতে পারেনি তারা। গত বছর সাত নম্বরে শেষ করেছিল তারা। এবছর অজি অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে ভাল ফল করতে চাইছে রয়্যালস শিবির।
চলতি আইপিএলের শুরুটা অবশ্য ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে রাজস্থানের দলের। কারণ, স্টিভ স্মিথ, বেন স্টোকস, জোস বাটলার ও জোফ্রা আর্চার, অর্থাৎ যে চারজন বিদেশিকেই এই দলে প্রতিনিয়ত খেলতে দেখা যাবে, এই চারজনই প্রথম সপ্তাহে থাকতে পারবেন না। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর থেকে। সেটা শেষ করে দলের সঙ্গে যোগ দিতে দেরি হবে তাঁদের।
এদিন সকালে আবার দেখা যায় আমিরশাহী রওনা রয়েছে কিংস ইলেভেন পঞ্জাবও। দলের ক্রিকেটার মহম্মদ শামি ইনস্টাগ্রামে সেটা জানান। সেখানেই জানা যায় ভারত থেকে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে উড়ে গেছে পঞ্জাব। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ফ্র্যাঞ্চাইজিদেরও আমিরশাহী রওনা দেওয়ার কথা। কারণ, সেখানে গিয়ে প্রথমে সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে প্রতিটি ক্রিকেটারকে। চারবার টেস্ট হবে তাঁদের। চারবার রিপোর্ট নেগেটিভ আসার পরেই অনুশীলন শুরু করার অনুমতি পাবেন তাঁরা। তাই একটু আগেই সেখানে পৌঁছে যেতে চাইছে সব দল। সেখানেই বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন দলের সঙ্গে।
গত মঙ্গলবারই চলতি আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে ঘোষণা হয়েছে অনলাইন গেমিং অ্যাপ ড্রিম ইলেভেনের নাম। আপাতত তাদের সঙ্গে ২২২ কোটি টাকার চুক্তি হয়েছে বোর্ডের। ৩১ ডিসেম্বর পর্যন্ত রয়েছে এই চুক্তি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল চলবে মোট ৫৩ দিন। ১০ নভেম্বর ফাইনাল। এবারই আইপিএলের ইতিহাসে প্রথমবার ফাইনাল হবে সপ্তাহের মধ্যে, মঙ্গলবার।