দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া লিগ চলাকালীনই তাঁর পা দেওয়ার কথা ছিল কলকাতায়। দিচ্ছেনও তাই। ডার্বির দিন সকালেই কলকাতায় পা রাখছেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেন্ডেজ গার্সিয়া।
শুধু শহরে আসায় নয়, প্রথম দিনেই যুবভারতীর ভিআইপি গ্যালারিতে বসে দেখবেন বড় ম্যাচ। নিজের নতুন দলকে ঝালিয়ে নেবেন গ্যালারি থেকেই। দেখে নেবেন বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিকের হাতে কতটা তৈরি হয়েছে ইস্টবেঙ্গল। কী কী ফাঁকফোকর আছে তাও সম্ভবত জরিপ করে নেবেন।
অর্থাৎ ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে আমনারা খেলবেন নতুন কোচের সামনে। সেটা কি অতিরিক্ত চাপ বাড়াবে তাঁদের উপর? নাকি নতুন কোচের নোটবুকে নাম তোলার জন্য সবাই চেষ্টা করবেন অন্যকে ছাপিয়ে যাওয়ার, নিজের সেরাটা দেওয়ার? উত্তর অবশ্য মিলবে খেলার পরেই।
তবে নতুন কোচের গ্যালারিতে থাকা যে সুভাষ ভৌমিকের উপর অতিরিক্ত চাপ বাড়াবে তাতে একমত ফুটবল বিশেষজ্ঞরা। যদিও সুভাষ বলেছেন, নতুন বিদেশি কোচ যদি মানিয়ে নিতে পারেন তাহলে একসঙ্গে কাজ করতে তাঁদের কোনও সমস্যা নেই। কিন্তু লালহলুদ কর্তারা কি সেই সুযোগ দেবেন ময়দানের পোড়খাওয়া এই কোচকে? নইলে তড়িঘড়ি লিগের মধ্যেই কেন উড়িয়ে আনলেন বিদেশি কোচকে। তবে কি সুভাষ জমানা শেষ হতে চলেছে ইস্টবেঙ্গলে?