দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মোহনবাগান কর্তা অঞ্জন মিত্র। শুক্রবার রাতে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর নিয়ে ভর্তি করা হয় তাঁকে। ঠাণ্ডা লেগে সংক্রমণ হয়েছে ফুসফুসেও। তবে অঞ্জনবাবুর পরিবারের তরফে দাবি করা হয়েছে তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
নির্বাচন থেকে নাম তুলে নিয়েছেন দু’দিন আগে। বন্ধু টুটু বসুর সঙ্গে যুদ্ধে নামতে চাননি তিনি। জানিয়েছিলেন, “যে ভাবে সবাই টুটু গোষ্ঠী আর অঞ্জন গোষ্ঠী বলছে সেটা মেনে নিতে পারছিলাম না।” কিন্তু নির্বাচন হচ্ছেই বাগানে। লড়ছেন অঞ্জন কন্যা সোহিনী মিত্র। ফুটবল সচিব পদে সোহিনীর বিরুদ্ধে লড়ছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। কিন্তু অঞ্জনবাবুর নাম প্রত্যাহারের পর বাগানের ভোট যুদ্ধে সেই গরম হাওয়াটাই প্রায় উবে গেছে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন অঞ্জনবাবু।
চিকিৎসকদের মতে, গত বছর তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল। তারপর থেকেই তাঁর শরীর ভেঙেছে। মাঝে অত্যধিক মানসিক ধকলও গেছে তাঁর। তবে চিকিৎসকদের আশা, কয়েক দিনের মধ্যেই সেরে উঠবেন অঞ্জনবাবু।