দ্য ওয়াল ব্যুরো: আগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-৩ গোলে হেরে বারাসাতে খেলতে নেমেছিল রেনবো এফসি। অন্যদিকে ছেলে রাজদীপ নন্দীর এরিয়ানের কাছে হেরে খেলতে নেমেছিল ময়দানের পোড়খাওয়া কোচ রঘু নন্দীর মহামেডান স্পোর্টিং। নব্বই মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 'সুপার সাব' সুমিত দাসের করা একমাত্র গোলে জয় পেল মহামেডান স্পোর্টিং।
খেলার শুরু থেকেই দুই দল মরিয়া ছিল জয়ের জন্য। এ দিনের খেলায় প্রথম থেকেই পেন ওর্জিকে নামিয়েছিলেন রেনবো কোচ তড়িৎ ঘোষ। পেনের বল ধরে খেলার সুবাদে একের পর এক আক্রমণ তুলে আনছিল রেনবো। অন্যদিকে বাজি আর্মান্দ, এমেকার উপর ভরসা করে দল সাজিয়েছিলেন রঘু নন্দী। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ তুলে আনলেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশি খেলা ধরে রেনবো। একের পর এক ক্রস ভেসে আসতে থাকে মহামেডান বক্সে। কিন্তু মহামেডান গোলকিপার প্রিয়ন্তের দস্তানা বাঁচিয়ে রেখেছিল মহামেডানকে। এর মধ্যেই ৭১ মিনিটের মাথায় কর্নার থেকে সানডের হেড গোল লাইন সেভ করেন মহামেডান ডিফেন্ডার কামরুল।
এরপরেই প্রথম ম্যাচের গোলদাতা প্রসেনজিৎ চক্রবর্তীকে তুলে নিয়ে রঘু নন্দী নামান তরুণ সুমিত দাসকে। আর এই একটা পরিবর্তনই বদলে দিল খেলার রং। ৭৪ মিনিটের মাথায় সুমিত একক দক্ষতায় ডান প্রান্ত ধরে দুই ডিফেন্ডারকে সঙ্গে নিয়ে চলতি বলে ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালে। ১-০ গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং।
এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে রেনবো। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সুজয়, পেন, সানডেরা। কিন্তু মহামেডান ডিফেন্ডার ও গোলকিপার প্রিয়ন্তের অসাধারণ ডিফেন্সের জন্য গোলের মুখ খুলতে পারেনি রেনবো এফসি।
আজকের জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল মহামেডান স্পোর্টিং। লিগের লড়াইয়ে আবার ঘুড়ে দাঁড়ালো রঘু নন্দীর দল।