দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান চিরকালই বিশ্ব ক্রিকেটকে বিধ্বংসী ফাস্ট বোলার দিয়েছে। ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস থেকে শোয়েব আখতার হয়ে আজকের মহম্মদ আমির, দুনিয়ায় ফাস্ট বোলিংয়ে নিজেদের ছাপ রেখেছেন তাঁরা। কিন্তু বোলিংয়ের থেকেও শুধুমাত্র তাঁর উচ্চতার জন্য যদি কোনও বোলার বেশি আলোচনায় এসেছেন, তাহলে তিনি হলেন মহম্মদ ইরফান। যদিও শুধুমাত্র উচ্চতা নয়, তাঁর গতি দেখে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানও নাকি চমকে উঠেছিলেন বলে জানালেন ইরফান।
ইরফানের উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ৬০টি একদিনের ম্যাচ, ৪টি টেস্ট ও ২২টি টি ২০ খেলেছেন তিনি। সাফল্য মাঝারি। কিন্তু চিরকাল তাঁর উচ্চতার জন্য আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। এমনকি প্রথমবার ইরফানের উচ্চতা নিয়ে বিরাট আলোচনা হয়েছিল। তাঁর উচ্চতার জন্য বাউন্স বেশি হবে, এই হিসেব করে ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে বেশি উচ্চতা থেকে আসা বলে নেট প্র্যাকটিসও সেরেছিলেন। কিন্তু বলে বাউন্স ছাড়াও ভাল গতি তাঁর ছিল বলে জানিয়েছেন এই বা’হাতি পেস বোলার।
সম্প্রতি একটি ইউটিউব শোয়ে নিজের বক্তব্য রাখেন ইরফান। তিনি বলেন, “প্রথমবার যখন আমি ভারত সফরে গিয়েছিলাম, ভারতীয় ক্রিকেটাররা আমাকে বলেছিলেন, তাঁদের কোচ ও সাপোর্ট স্টাফরা জানিয়েছেন আমার বলের গতি ১৩০ থেকে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এমনকি বিরাট কোহলিও আমাকে বলেছিলেন, তাঁকে কোচ জানিয়েছেন, আমি ১৩০-১৩৫ কিলোমিটারে বল করি। আমার উচ্চতার জন্য আমি ভাল বাউন্স পাই। কিন্তু গতি কম হওয়ায় আমাকে সামলাতে কোনও সমস্যা হবে না।”
প্রথম ম্যাচেই বিরাটদের ভুল ভেঙেছিল বলে জানিয়েছেন ইরফান। তিনি বলেন, “কোহলি প্যাড পরে বসেছিলেন। আমি প্রথম বল করি। গতি দেখায় ১৪৫ কিলোমিটার। উনি মনে করেন স্পিড গানে কোনও সমস্যা হয়েছে। পরের বল আমি করি ১৪৭ কিলোমিটারে। তখন তিনি নাকি কোচকে জিজ্ঞাসা করছিলেন তিনি মিথ্যে কথা বলেছেন না স্পিড গান ভুল গতি দেখাচ্ছে।”
পরে নাকি তাঁকেও সেই কথা বলেছিলেন বিরাট। ইরফান জানান, “বিরাট আমার সামনে এসে বলছিলেন আমার গতি দেখে উনি অবাক হয়ে গিয়েছিলেন। পাশে বসে থাকা এক সতীর্থকে তিনি জিজ্ঞাসাও করেন আমি কেমন মিডিয়াম পেসার যে ১৫০ কিলোমিটার গতিবেগে বল করতে পারি।”