টি টোয়েন্টি'তে মিতালি-র রাজ, টপকালেন রোহিত শর্মা, মার্টিন গাপটিলকে
দ্য ওয়াল ব্যুরো: আইরিশদের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচেও ৫২ রানে জয় পেয়েছে ভারতের মেয়েরা। আর জয়ের পেছনে সবথেকে বড় অবদান সেই মিতালি রাজের। আগের দিন পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানের পর এ দিন লো স্কোরিং ম্যাচেও ৫১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন প্
শেষ আপডেট: 16 November 2018 06:41
দ্য ওয়াল ব্যুরো: আইরিশদের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচেও ৫২ রানে জয় পেয়েছে ভারতের মেয়েরা। আর জয়ের পেছনে সবথেকে বড় অবদান সেই মিতালি রাজের। আগের দিন পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানের পর এ দিন লো স্কোরিং ম্যাচেও ৫১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
মিতালি ছাড়া এ দিনের ম্যাচে অন্য ওপেনার স্মৃতি মান্ধানা ৩৩ রান করেছেন। বাকিরা সেরকম কেউ বড় রান পাননি। প্রায় ১৯ ওভার ব্যাট করেছেন মিতালি। হতে পারে ৫৬ বলে ৫১ রান করেছেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই স্লো বাউন্সের উইকেটে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই রান। উইকেট যে ব্যাটিং সহায়ক মোটেও ছিল না, তা বোঝা গেছে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের সময়েও।
আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫১ রান করার সঙ্গে সঙ্গেই এক নতুন রেকর্ডের মালিক হয়েছেন মিতালি রাজ। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ( পুরুষ ও মহিলা মিলিয়ে ) টোয়েন্টি ২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন মিতালি। ভারতীয় পুরুষ দলের ওপেনার রোহিত শর্মার রেকর্ড ভাঙলেন তিনি। আগেই ভারতীয় পুরুষ দলের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙেছিলেন মিতালি। এ বার চলে এলেন এক নম্বর।
টি ২০ ক্রিকেটে ৮৭ ম্যাচে ২২০৭ রান রয়েছে রোহিত শর্মার। ১৫ টি হাফসেঞ্চুরি ও ৪ টি সেঞ্চুরি করেছেন তিনি। ৬২ টি ম্যাচে ১৮ টি হাফসেঞ্চুরির সাহায্যে ২১০২ রান বিরাটের। সেখানে ৮৫ টি ম্যাচে মিতালি করেছেন ২২৮৩ রান। এই রানে পৌঁছাতে ১৭ টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। অর্থাৎ হাফসেঞ্চুরির নিরিখে রো-হিটম্যান শর্মাকেও ছাপিয়ে গেছেন তিনি। আরও ২ টি হাফসেঞ্চুরি করলেই চলতি বিশ্বকাপেই টপকে যাবেন বিরাটকে। ব্যাটিং গড়ের দিক থেকেও রোহিত শর্মা ( ৩৩.৪৩ ) কে পিছনে ফেলে দিয়েছেন মিতালি রাজ ( ৩৭.৪২ )।
https://twitter.com/ICC/status/1063121333163384832
মেয়েদের ক্রিকেটে তিনটি ফরম্যাটেই সর্বোচ্চ রানের মালিক মিতালি। ছেলেদের ক্রিকেটে টি ২০তে সর্বোচ্চ রানের অধিকারী নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তাঁর রান ২২৭১। এই রানকেও টপকে গেছেন মিতালি। অর্থাৎ পুরুষ ও মহিলা মিলিয়ে টি ২০ ক্রিকেটে বিশ্বে সর্বোচ্চ রানের মালকিন হলেন মিতালি। এখনও বিশ্বকাপে ৩ টি ম্যাচ খেলার সুযোগ মিতালির সামনে। তাই এই রান আরও কিছুটা বাড়িয়ে ফেলার সুযোগ রয়েছে তাঁর সামনে।
মিতালির এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছে আইসিসিও। আইসিসি'র তরফে তাদের টুইটারে এই কৃতিত্বের কথা লেখা হয়েছে। কিন্তু মিতালির তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই। আসলে মুখে নয়, বরাবর ব্যাটেই জবাব দিতে পছন্দ করেন ভারতীয় মহিলা ক্রিকেটের এই পোস্টার গার্ল।