বিরাটদের বিরুদ্ধে সাবধান, হিতে বিপরীত না হয়ে যায়: ইয়ান চ্যাপেল
দ্য ওয়াল ব্যুরো: সামনের অস্ট্রেলিয়া সফরে বিরাটদের সামনে দুটি দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসার কথা তাদের। কিন্তু এই সিদ্ধান্ত হিতে বিপরীত না হয়ে যায়, সেটাই সতর্ক করছেন প্রাক
শেষ আপডেট: 9 December 2019 13:31
দ্য ওয়াল ব্যুরো: সামনের অস্ট্রেলিয়া সফরে বিরাটদের সামনে দুটি দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসার কথা তাদের। কিন্তু এই সিদ্ধান্ত হিতে বিপরীত না হয়ে যায়, সেটাই সতর্ক করছেন প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল।
সম্প্রতি এক স্পোর্টস পত্রিকায় নিজের কলমে ইয়ান চ্যাপেল লেখেন, "ক্রিকেট অস্ট্রেলিয়া চাইছে ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে দুটো দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে। কিন্তু অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যা ফিরে আসে। কারণ টিম পেনদের এটা মাথায় রাখতে হবে যে ভারতের বোলিং আক্রমণ বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা। সব জায়গাতেই ভাল বল করবেন শামিরা। সেইসঙ্গে অধিনায়ক হিসেবে বিরাট এখন অনেক পরিণত। আর ব্যাটসম্যান বিরাটকে তো সবাই চেনে। তাই কোনও সিদ্ধান্তের আগে সবকিছু ভেবে দেখা উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। ভারতের বিরুদ্ধে দেশের মাঠে আগের সিরিজের কথা নিশ্চয় সবার মনে আছে।"
কয়েকদিন আগেই এই খবর প্রথম সবার সামনে আসে। জানা গিয়েছে, ২০২০ সালে ভারতে একদিনের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল হেডিংসও আসতে পারেন তখন। তিনি এসে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে পারেন। সেখানেই হয়তো এই জোড়া গোলাপি বলের টেস্ট নিয়ে আলোচনা হতে পারে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে।

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ অবশ্য এক সিরিজে জোড়া দিন-রাতের টেস্ট খেলতে রাজি নন। শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি জানান, “ভারত-অস্ট্রেলিয়া সফরে দুটি দিন-রাতের টেস্ট হবে কিনা তা এখনও ঠিক হয়নি। তবে চার টেস্টের সিরিজে দুটি দিন-রাতের টেস্ট হলে তা বেশি হয়ে যাবে। আমাদের ক্রিকেটারদের ব্যাপারটাও দেখতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও কিছু বলেনি। বললে তখন ভেবে দেখা যাবে।”
সব সিরিজে গোলাপি বলের টেস্ট খেলতে রাজি নন বিরাটও। তাঁর বক্তব্য, “দিন-রাতের টেস্ট খেলতে হলে তার আলাদা প্রস্তুতি লাগে। বিশেষ করে বিদেশে এই প্রস্তুতির দরকার আরও বেশি। কারণ আমরা সবসময় জিততে চাই। তাই বললেই সবসময় খেলা যায় না।”
ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্ট কোহলিরা আড়াই দিনে জিতে নেওয়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন বলেছিলেন, আশা করছি এবার আস্ট্রেলিয়ায় এসে তিন-রাতের টেস্ট খেলতে রাজি হবে ভারত। ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট খেলতেও আশা করি রাজি হবেন কোহলিরা। গাব্বায় দিন-রাতের টেস্ট খেলতে দারুণ লাগবে।