দ্য ওয়াল ব্যুরো: সুরেশ রায়নার পর এবার লাসিথ মালিঙ্গা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ফের এক ক্রিকেটার সরে দাঁড়ালেন আইপিএল থেকে। মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, মালিঙ্গাকে এই মরসুমে পাওয়া যাবে না। তাঁর বদলে এক অজি বোলারকে নিয়েও নিয়েছে রোহিত শর্মার দল।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “এই মরসুমে ব্যক্তিগত কারণে আইপিএলে খেলবেন না বলে জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কায় পরিবারের সঙ্গে রয়েছেন তিনি। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে। আবু ধাবিতে মুম্বই শিবিরে যোগ দিচ্ছেন তিনি।” অবশ্য কী কারণে মালিঙ্গা সরে দাঁড়ালেন, সেই ব্যাপারে মুম্বই ইন্ডিয়ান্স বা মালিঙ্গা কারও তরফেই কিছু বলা হয়নি।
মালিঙ্গার দলে না থাকা অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সকে বড় ধাক্কা দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএলের প্রথম মরসুম থেকে এই দলের সদস্য মালিঙ্গা। আইপিএলে মুম্বইয়ের সাফল্যের পিছনে তাঁর অবদান অনেক। গত মরসুমে মালিঙ্গার শেষ বলেই শার্দুল ঠাকুরকে আউট করে চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি।
শুধু তাই নয়, মালিঙ্গা দলের বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দিতেন। মাঠে না থাকলেও দলে তাঁর প্রভাব ছিল অপরিসীম। দলে মেন্টরের ভূমিকা পালন করতেন তিনি। তাঁর কাছে দলের অন্য তরুণ বোলাররা পরামর্শ নিতেন। ম্যাচের মধ্যেও রোহিত শর্মাকে পরামর্শ দিতেন শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া এই বোলার। আইপিএলে ১২২ ম্যাচে সর্বোচ্চ ১৭০ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার এই পেসার। তাই তাঁর না থাকা অবশ্যই দলের উপর প্রভাব ফেলবে।
অজি পেসার জেমস প্যাটিনসনকে তাঁর বেস প্রাইস ১ কোটি টাকাতেই নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে কেউ কেনেনি তাঁকে। কেরিয়ারে ৩৯টি টি ২০ ম্যাচে ৪৭ উইকেট রয়েছে প্যাটিনসনের। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার অস্ট্রেলিয়া দলে দেখা গিয়েছিল প্যাটিনসনকে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। আইপিএলে ভাল পারফর্ম করতে তাই অবশ্যই মুখিয়ে থাকবেন এই পেসার।