'আনকোরা' আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় রোনাল্ডোদের
দ্য ওয়াল ব্যুরো : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মেসি-রোনাল্ডো দ্বৈরথ হলো না। কারণ মেসির জোড়া গোলে বার্সার সেমিফাইনালে ওঠার দিনেই আয়াক্সের কাছে হেরে বিদায় নিলেন রোনাল্ডো।
নতুন ক্লাবে এসে লিগ জয়ের হাতছানি থাকলেও চ্যাম্পিয়নস লিগে ভাগ্য বদল হলো রো
শেষ আপডেট: 16 April 2019 21:32
দ্য ওয়াল ব্যুরো : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মেসি-রোনাল্ডো দ্বৈরথ হলো না। কারণ মেসির জোড়া গোলে বার্সার সেমিফাইনালে ওঠার দিনেই আয়াক্সের কাছে হেরে বিদায় নিলেন রোনাল্ডো।
নতুন ক্লাবে এসে লিগ জয়ের হাতছানি থাকলেও চ্যাম্পিয়নস লিগে ভাগ্য বদল হলো রোনাল্ডোর। চ্যাম্পিয়নস লিগ জয়ের হ্যাটট্রিকের পর চতুর্থ বছরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন রোনাল্ডো। তাও আবার নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের কাছে ঘরের মাঠে হেরে। ইতালিতে এসে ইতালির চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাসকে হারিয়ে সেমিফাইনালে উঠল আয়াক্স। অ্যাওয়ে-হোম দু'ম্যাচেই গোল পেলেন রোনাল্ডো। কিন্তু সেই গোলও কাজে এল না। হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হলো সিআর সেভেনকে।
প্রথম লেগের ম্যাচে আয়াক্সের মাঠে রোনাল্ডোর বুলেট হেডে এগিয়ে গিয়েও নেরেসের গোলে ম্যাচ ড্র করে ফিরতে হয়েছিল জুভেন্টাসকে। সমর্থকরা আশা করেছিলেন, ওল্ড লেডি অফ তুরিনে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের ছবিই দেখা যাবে। কিন্তু সেটা হলো না। কারণ, আয়াক্সের মরিয়া ডিফেন্সে আটকে গেলেন রোনাল্ডো, মানজুকিচরা। অন্যদিকে জুভে ডিফেন্সে কিয়েলিনির মতো অভিজ্ঞ ডিফেন্ডারের অভাভ বুঝতে পারল ইতালির ক্লাব। ১-২ গোলে হেরে এগ্রিগেটে ২-৩ গোলে হেরে বিদায় হলো রোনাল্ডোদের।
এ দিন অবশ্য শুরু থেকেই আক্রমণ ছিল জুভেন্টাসের। রোনাল্ডোকে সামনে রেখে আক্রমণ তুলে আনছিলেন ডিবালারা। অন্যদিকে ডিফেন্স সামলে প্রতি আক্রমণের লক্ষ্যে নেমেছিল আয়াক্স। ২৮ মিনিটের মাথায় কর্নার থেকে ফের হেডে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনাল্ডো। কিন্তু বেশিক্ষণ থাকেনি সেই লিগ। ৩৪ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান ডনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ে আয়াক্সের। তার ফলও মেলে হাতেনাতে। ৬৭ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ম্যাথিয়াস। অর্থাৎ জয়ের জন্য আরও দু'গোল করতে হতো জুভেন্টাসকে। সুযোগও এসেছিল। অন্তত তিনটি ক্ষেত্রে হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু কোনও সুযোগই কাজে লাগাতে পারেননি। বোঝা যাচ্ছিল, চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রাখতে পারছিলেন না। শেষ মুহূর্তে মাথা গরম করে হলুদ কার্ডও দেখতে হয় তাঁকে।
অন্যদিকে সেমি ফাইনালে জায়গা পাকা করার জন্য মরিয়া ডিফেন্স করছিল আয়াক্স। ধারে ভারে জুভেন্টাসের থেকে অনেক পিছিয়ে থাকলেও এ দিন তাদের লড়াই দেখল ফুটবল দুনিয়া। শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়লেন নেরেস, ডনিরা।
এ দিনের হারের ফলে চ্যাম্পিয়নস লিগে শেষ হয়ে গেল ইতালির লড়াই। নিজের পুরনো ক্লাব রিয়েল মাদ্রিদের পর এ দিন বিদায় নিলেন রোনাল্ডোও। একই দিনে আবার বার্সার কাছে হেরে বিদায় নিল রোনাল্ডোর আরেক পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও।