দ্য ওয়াল ব্যুরো: পাওলো ডেবালা সেরে ওঠার পরও জুভেন্টাসের চিন্তা ছিল দুই তারকা ফুটবলার ব্লাইসে মাতুইদি এবং ড্যানিয়েল রুগানিকে নিয়ে। অবশেষে সুখবর এল ইতালির তুরিন থেকে। করোনাভাইরাসের প্রকোপ থেকে বেরিয়ে এসেছেন রুগানি এবং মাতুইদি।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের মিডিও মাতুইদি এবং ইতালির জাতীয় দলের ডিফেন্ডার রুগানির টেস্টে নেগেটিভ এসেছে। তাঁদের আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জুভেন্টাস কর্তৃপক্ষ। ক্লাবের কোয়ারেন্টাইন হাবে রাখা হবে তাঁদের।
মার্চের ১১ তারিখ রুগানির করোনা পজিটিভ হওয়ার খবর জানা যায়। ঠিক তিনদিন পর খবর আসে কোভিড-১৯ পজিটিভ মাতুইদিরও। সেই সময় ডেবালা এবং তাঁর বান্ধবীও করোনা আক্রান্ত ছিলেন। ফলে কপালে ভাঁজ পড়ে যায় জুভেন্টাস কর্তৃপক্ষের।
জুভেন্টাস জানিয়েছে, এখন শারীরিক ভাবে অনেকটাই দুর্বল রুগানি এবং মাতুইদি। আপাতত আগামী দু'সপ্তাহ তাঁদের কোয়ারেন্টাইন হাবে রাখা হবে। মানসিক ভাবেও বিপর্যস্ত তাঁরা। তাই নিয়মিত কাউন্সেলিংও করানো হবে দুই তারকা ফুটবলারকে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে জিম শুরু করতে পারেন তাঁরা।