দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে দীর্ঘ দু’মাসের উপর ক্রিকেট বন্ধ থাকার পর সবে তা ফের শুরু হয়েছে। প্রথম টেস্টেই টানটান লড়াইয়ে ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ফিরে আসতে হলে দুরন্ত কামব্যাক করতে হবে ইংল্যান্ডকে। দলে ফিরে এসেছেন অধিনায়ক জো রুট। এই অবস্থায় ইংল্যান্ডের অন্যতম পেস বোলার জোফ্রা আর্চারকে বের করে দেওয়া হল দল থেকে। বায়ো-সিকিওর প্রোটোকল ভাঙায় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে ক্যারিবিয়ান জাত এই ক্রিকেটারকে।
বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এই কথা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। বলা হয়েছে, নিজের কাজের জন্য লজ্জিত আর্চার। শধুমাত্র নিজের নয়, দলের বাকিদেরও বিপদে ফেলেছেন আর্চার। তাঁর তরফে একটি বিবৃতিতে আর্চার জানিয়েছেন, “যা হয়েছে তার জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আমি শুধু নিজের নয়, দলের বাকিদেরও বিপদে ফেলেছি। তাই আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা একদম যথাযথ। আমি সবার কাছে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি।”
বিবৃতি দিলেও কী নিয়ম আর্চার ভেঙেছেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি ইসিবির তরফে। তবে মনে করা হচ্ছে সাউদাম্পটন থেকে ম্যাঞ্চেস্টারে যাওয়ার মাঝে কিছু একটা নিয়ম তিনি ভেঙেছেন। তার জন্য কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। আর্চারকে বলা হয়েছে পাঁচ দিন আইসোলেশনে থাকার পরে দু’বার কোভিড টেস্ট নেগেটিভ হওয়ার পরেই দলে ফিরতে পারবেন তিনি।
ম্যাঞ্চেস্টারে সিরিজের বাকি দুই টেস্ট খেলবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তাই দুই দলকেই খুব সুরক্ষিত ভাবে রাখা হয়েছে। নির্দিষ্ট বায়ো-সিকিওর প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রতিটি ক্রিকেটারকে। সংক্রমণ যাতে না ছড়াতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত। আর্চারের ঘটনার বিষয়ে সফরকারী দলকে জানানো হয়েছে। ইসিবির সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ খুশি হয়েছে বলে জানিয়েছে তারা।
আর্চার দলের বাইরে যাওয়ায় অবশ্য সমস্যায় পড়েছে ইংল্যান্ড। কারণ দ্বিতীয় টেস্টের আগে এমনিতেই দলের দুই পেস বোলার জেমস অ্যান্ডারসন ও মার্ক উডকে বিশ্রাম দিয়েছে দল। এর মধ্যে আর্চারও বেরিয়ে যাওয়ায় দলের পেস আক্রমণ অনেকটা দুর্বল হয়ে গেল বলে মনে করা হচ্ছে।
যদিও পেস বোলারের এহেন আচরণে ক্ষুব্ধ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। কারণ, করোনা সংক্রমণের পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সফর না হলে প্রায় ৩৬০০ কোটি টাকার ক্ষতি হবে ইসিবির। তাই যে কোনও মূল্যে এই সিরিজ করতে চাইছে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেছে। এর পরে পাকিস্তানের আসার কথা। আর তাই সফরের মাঝে ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে কোনও সমস্যা তৈরি হোক, তা কোনও মতেই চাইছে না ইসিবি।